Skip to main content

Chetona Ekush

, ,

আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালত, নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত কোনো শক্তির বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালত। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে সরকার নয়; বরং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতই সিদ্ধান্ত নেবে দলটির পরিণতি কী হবে।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৩৬ জুলাই’ কোনো আকস্মিক ঘটনা নয়। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের আত্মত্যাগ ও সংগ্রামের ধারাবাহিকতার ফলেই এই গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। তিনি বলেন, যখন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক আন্দোলনের সব পথ বন্ধ করে দেওয়া হয়, তখন রক্তাক্ত আন্দোলন অনিবার্য হয়ে ওঠে। বাংলাদেশের বাস্তবতায়ও তাই ঘটেছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে কোনো একক ব্যক্তি বা দলের অর্জন হিসেবে দেখার সুযোগ নেই। যদি ‘জুলাই কার’—এই বিতর্কে জাতি জড়িয়ে পড়ে, তাহলে এই আন্দোলনের প্রকৃত অর্জন ক্ষতিগ্রস্ত হবে। তাই জাতীয় ঐক্য অটুট রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে করতে শেখ হাসিনা আজ দেশ ছেড়ে দিল্লিতে অবস্থান করছেন। তার ভাষায়, শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর তাদের রাজনৈতিক দাফন হয়েছে দিল্লিতে।

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, দেশের দীর্ঘমেয়াদি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সংবিধানের ১৮তম সংশোধনী আনা প্রয়োজন। এই সংশোধনী বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তন হিসেবে বিবেচিত হবে বলেও তিনি মন্তব্য করেন।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, এমন একটি সংবিধান সংশোধন করা প্রয়োজন, যা দীর্ঘ সময় দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করবে এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নের পথ সুগম করবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে সবাইকে জবাবদিহি করতে হবে।

এ সময় তিনি ইলিয়াস আলীসহ গুম হওয়া ব্যক্তিদের ঘটনায় জড়িতদের বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের আহ্বান জানান।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ