
নিজস্ব প্রতিবেদক । চেতনা একুশ
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যার চাঞ্চল্যকর ও ক্লুলেস ঘটনার রহস্য উদঘাটন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নৃশংস এই হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টা পার হতেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের ক্ষেত্রে বড় ধরনের সাফল্যের দাবি করেছে সংস্থাটি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
নিহত বুলেট বৈরাগী ৪১তম বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা হিসেবে কুমিল্লা কাস্টমসের বিবিরবাজার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। তিনি পরিবারের সঙ্গে নগরীর রাজাগঞ্জ পানপট্টি এলাকার ‘ভুইয়া হেরিটেজ’ নামের একটি ভাড়া বাসায় থাকতেন। গত শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী রোড এলাকার একটি হোটেলের সামনের ফুটপাত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তদন্ত সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শনিবার রাত ২টা ২৫ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে ফিরে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় পৌঁছে শেষবারের মতো পরিবারের সঙ্গে কথা বলেন বুলেট। এর কিছুক্ষণ পরই তার মোবাইল ফোনটি দুর্বৃত্তদের দখলে চলে যায়। ভোর সাড়ে ৫টা পর্যন্ত মোবাইলের লোকেশন সদর দক্ষিণের চৌয়ারা এলাকায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা, ক্যামেরা ও মূল্যবান মালামাল লুট করার উদ্দেশ্যেই ছিনতাইকারীরা তাকে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়।
র্যাব-১১, কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম রোববার রাতে গণমাধ্যমকে জানান, কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে সোমবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের ছায়া তদন্তে র্যাবের পাশাপাশি ডিবি, সিআইডি ও পিবিআই একযোগে কাজ করছে। পুলিশের পক্ষ থেকেও আসামিদের দ্রুত আইনের আওতায় আনার জোরালো আশ্বাস দেওয়া হয়েছে।
নিহত মেধাবী এই কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। মাত্র দেড় বছর আগে চাকরিতে যোগ দেওয়া বুলেটের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় নিহতের মা নীলিমা বৈরাগী বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শোকাতুর পরিবারের এখন একটাই দাবি—দ্রুততম সময়ে যেন খুনিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হয়।


