
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঝটিকা মিছিল ও চোরাগোপ্তা তৎপরতার মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। গোয়েন্দা সূত্রে জানা গেছে, মহানগরীকে দুটি ভাগে বিভক্ত করে এই নাশকতার নীল নকশা সাজানো হয়েছে, যার নেপথ্যে অর্থ জোগান দিচ্ছেন স্থানীয় ১৫ জন প্রভাবশালী ব্যবসায়ী।
অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম চেম্বারের সাবেক এক পরিচালকের সমন্বয়ে আওয়ামীপন্থি ব্যবসায়ীদের কাছ থেকে একটি বিশাল ফান্ড গঠন করা হয়েছে। বিদেশে পলাতক সাবেক দুজন মন্ত্রী ও একজন এমপির সরাসরি নির্দেশনায় এই অর্থ মাঠপর্যায়ের ক্যাডারদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এমনকি গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের কারাগারের পিসি কার্ডেও নিয়মিত মোটা অঙ্কের টাকা জমা দেওয়া হচ্ছে, যা মাঠপর্যায়ের কর্মীদের তৎপর রাখতে জ্বালানি হিসেবে কাজ করছে।
গোয়েন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝটিকা মিছিলের জন্য অত্যন্ত সুক্ষ্ম ও ডিজিটাল কৌশল বেছে নিয়েছে নিষিদ্ধ সংগঠনটি। খাগড়াছড়ির দুর্গম পাহাড় কিংবা সীতাকুণ্ডের মতো দূরবর্তী এলাকা থেকে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের এনে মহানগরে জড়ো করা হচ্ছে। পরিচয় লুকাতে ডাবল টিশার্ট ও মাস্ক ব্যবহার করছে তারা। কর্মসূচি শুরুর ঠিক আগে হোয়াটসঅ্যাপে সাময়িক গ্রুপ খুলে তথ্য আদান-প্রদান করা হয় এবং মিছিল শেষ হওয়া মাত্রই গ্রুপটি ডিঅ্যাকটিভ করে দেওয়া হয়। সম্প্রতি জিইসি মোড় ও অক্সিজেন এলাকায় এ ধরনের মিছিলের পর পুলিশ দিনভর অভিযান চালিয়ে ৬৮ জনকে গ্রেপ্তার করে, যাদের একটি বড় অংশ খাগড়াছড়ির গুইমারা এলাকার সক্রিয় যুবলীগ কর্মী।
শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে বিভিন্ন সামাজিক ইস্যুতেও অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে। সম্প্রতি বাকলিয়ায় এক শিশু নির্যাতন এবং সিটি কলেজে জুলাই বিপ্লবের গ্রাফিতি মোছা নিয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যকার সংঘর্ষের নেপথ্যেও নিষিদ্ধ ছাত্রলীগের উসকানি ও কলকাঠি নাড়ার প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা।
গোয়েন্দা পুলিশ নজরদারিতে থাকা ১৫ ব্যবসায়ীর নাম তদন্তের স্বার্থে প্রকাশ না করলেও বিশেষ সূত্রে বেশ কয়েকজনের পরিচয় জানা গেছে। এদের মধ্যে রয়েছেন পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও রয়েল অ্যাসোসিয়েটের মালিক দিদারুল ইসলাম, সমতা শিপিংয়ের আজিজুর রহমান, বড়তাকিয়া গ্রুপের নিয়াজ মোর্শেদ এলিট, ওয়েল গ্রুপের আব্দুস ছালাম, কেএসআরএম গ্রুপের শাহরিয়ার জাহান রাহাত, সাবেক ছাত্রলীগ নেতা ওহিদ সিরাজ স্বপন, এশিয়ান গ্রুপের সাকিফ আহমেদ সালাম, বনফুল গ্রুপের এমএ মোতালেব এবং স্মার্ট গ্রুপের মজিবুর রহমান।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম জানান, নেপথ্যের অর্থদাতা ও মূল পরিকল্পনাকারীদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের এই গুপ্ত তৎপরতা নস্যাৎ করতে পুলিশের প্রস্তুতি ও নজরদারি অত্যন্ত জোরালো রয়েছে এবং দ্রুতই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসনের ভেতরে থাকা কিছু সুবিধাবাদী চক্রের নিষ্ক্রিয়তা এবং ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যকার সাম্প্রতিক দূরত্বের সুযোগ নিচ্ছে এই নিষিদ্ধ শক্তি। এই অপশক্তিকে পুরোপুরি নির্মূল করতে হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতভাগ পেশাদারিত্বের পাশাপাশি রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বদলীয় রাজনৈতিক ঐক্য ধরে রাখা জরুরি।


