Skip to main content

Chetona Ekush

, ,

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে অস্ত্রধারীদের হামলা, আহত ২ পুলিশ সদস্য

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। ইয়াবাসহ গ্রেপ্তার এক নারী ও এক পুরুষকে ছিনিয়ে নিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা ফাঁড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, রামদা, হাসুয়াসহ বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আটক ব্যক্তিদের সহযোগীরা জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালান। এ সময় তারা ফাঁড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে গ্রেপ্তার দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ৪০ থেকে ৫০ জনের একটি দলকে রামদা, চাপাতি ও ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে হামলা চালাতে দেখা গেছে। ভিডিওতে ফাঁড়ি ভাঙচুরের পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্যও রয়েছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে মাদক বিক্রির খবর পায় পুলিশ। পরে স্টেশনে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য ও নিরাপত্তাকর্মীরা সেখানে অভিযান চালান। এ সময় ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটক করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে তাদের সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালান। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।

এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং মাদকদ্রব্য-সংক্রান্ত আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি জয়নাল আবেদীন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ