
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ
১২ কেজি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কিনতে গ্রাহককে গুনতে হবে ১ হাজার ৫২৮ টাকা। পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমিয়ে লিটারপ্রতি ৭৪ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
গত ২ জুলাই বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এ মূল্য ঘোষণা করেন। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম এবং জাহাজভাড়া (ফ্রেইট চার্জ) কমে যাওয়ায় দেশীয় বাজারেও এ মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন এ দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হয়েছে।
এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তারও আগে ২ এপ্রিল আরও ৩৮৭ টাকা বাড়িয়ে মূল্য করা হয়েছিল ১ হাজার ৭২৭ টাকা। অর্থাৎ, দুই দফায় সিলিন্ডারটির দাম মোট ৫৯৯ টাকা বৃদ্ধি পেয়েছিল।
পরে জুন মাসে ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা করা হয়। একই সময়ে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়।
এদিকে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে এলপিজি বাজারে মূল্য অস্থিরতা ও অনিয়মের অভিযোগ রয়েছে। নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সিলিন্ডার বিক্রির ঘটনাও ঘটেছে। মার্চ মাসে ১২ কেজির এলপিজির সরকারি মূল্য ছিল ১ হাজার ৩৪১ টাকা। তবে অনেক এলাকায় তা ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে অভিযোগ ওঠে।
উল্লেখ্য, ২০২১ সালের ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপিজির মূল্য নির্ধারণের ব্যবস্থা চালু করে বিইআরসি। এরপর থেকে সৌদি আরবের কনট্রাক্ট প্রাইস (সিপি), আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় নিয়ে প্রতি মাসে এলপিজির নতুন মূল্য ঘোষণা করে আসছে সংস্থাটি।


