স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন সোমবার আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন। চলমান প্রাদুর্ভাব মোকাবেলায় এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে অবস্থিত লিটল অ্যাঞ্জেল সেমিনারিতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এই কর্মসূচির আওতায় সারা দেশে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ৫ এপ্রিল সরকার ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং গাভি, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স-এর সহযোগিতায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করে। প্রাথমিক পর্যায়ে ১৮টি উচ্চঝুঁকিপূর্ণ জেলার ৩০টি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১২ লাখ শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সকল অভিভাবক ও সেবাদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন তাদের শিশুদের নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে গিয়ে টিকা প্রদান নিশ্চিত করেন। সংস্থাটি সরকার ও অংশীদারদের সঙ্গে একযোগে দেশের প্রতিটি শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
রিপোর্টঃ এড্. নাসরিন বেগম


