
নিজস্ব প্রতিবেদক । চেতনা একুশ
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক অবুঝ মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রধান অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক এখনো ধরা ছোঁয়ার বাইরে থাকলেও অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তায় নিজেকে ‘নির্দোষ’ দাবি করে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা চালাচ্ছেন। পুলিশ বলছে, ওই শিক্ষককে গ্রেফতারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
জানা যায়, স্থানীয় একটি মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওই শিক্ষক শিশুটিকে নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে দীর্ঘ দিন ধরে পাশবিক নির্যাতন চালিয়ে আসছিলেন। শিশুটির বাবা নেই, মা জীবিকার তাগিদে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। নানার বাড়িতে থেকে পড়াশোনা করা অবস্থায় হুজুরের লালসার শিকার হয় এই অসহায় শিশুটি। শারীরিক পরিবর্তনের পর ধরা পড়ে সে অন্তঃসত্ত্বা। পরবর্তীতে পুলিশ ও প্রশাসনের সহায়তায় শিশুটির মা সিলেট থেকে এসে থানায় মামলা দায়ের করেন।

মদন থানার তদন্ত কর্মকর্তা জানান, ক্লিনিকে এবং জেলা হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা শেষে অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে ধরতে গত সোমবার রাত ৩টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম আশ্বাস দিয়েছেন যে, পলাতক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।
এদিকে মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে ওই শিক্ষক নিজেকে অসুস্থ দাবি করে বলেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে মামলার পর থেকে তিনি কেন পলাতক এবং পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন, সে বিষয়ে কোনো সদুত্তর মেলেনি।
ভয়াবহ বিষয় হলো, শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্নকারী চিকিৎসক সাইমা আক্তারকে এই ঘটনায় সাক্ষ্য দেওয়ার পর থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সাইবার বুলিং ও ধর্ষণের হুমকির শিকার হয়ে ওই চিকিৎসক ও তার পরিবার এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
অন্যদিকে, মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী শিশুটির বাড়িতে গিয়ে তার খোঁজ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী। তিনি প্রশাসনের পক্ষ থেকে পুষ্টিকর খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং শিশুটির আইনি ও চিকিৎসা সংক্রান্ত সকল দায়-দায়িত্ব নেওয়ার নিশ্চয়তা দেন।
নৃশংস এই ঘটনায় অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসছে এলাকাবাসী। এখন দেখার বিষয়, আইনের হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টা করা এই ‘পিশাচ’ শিক্ষক কতক্ষণ পুলিশের চোখ ফাঁকি দিতে পারেন।


