Skip to main content

Chetona Ekush

, ,

নেত্রকোনার ফসল রক্ষা বাঁধের ২২৫০ ব্লক উধাও,অভিযোগের পর ফেরত এলো ১৫৭৮টি

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে নিয়ে যাওয়া ২ হাজার ২৫০টি ব্লকের মধ্যে ১ হাজার ৫৭৮টি ফেরত আনা হয়েছে। গত রোববার বিকেল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত এসব ব্লক বাঁধের নির্ধারিত স্থানে এনে রাখা হয়। ব্লক নিয়ে যাওয়া ব্যক্তিরাই সেগুলো আবার নির্ধারিত স্থানে বসিয়ে দিচ্ছেন।

এর আগে উত্তর বরান্তর বাজারের পাশে চিকাডুবি হাওর এলাকায় বাঁধের ওপরের প্রায় ২৫০ মিটার অংশের ব্লক নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। গত ১৮ আগস্ট সন্ধ্যা থেকে ব্লক সরিয়ে নেওয়ার ঘটনা শুরু হয়। পরদিন স্থানীয় বাসিন্দারা বিষয়টি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা প্রশাসনকে জানান। পরে ২৩ আগস্ট পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. এনায়েত হোসেন মোহনগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পাউবো নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, এখন পর্যন্ত ২ হাজার ২৫০টি ব্লক নিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় পাউবোর পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৫৭৮টি ব্লক ফেরত দেওয়া হয়েছে।

তিনি জানান, নিয়ে যাওয়া এসব ব্লকের কিছু গোয়ালঘরে, কিছু মাচার নিচে এবং কিছু হাওরে নামার সিঁড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছিল। আবার কেউ কেউ বাড়ির পাশে ঢেউয়ের আঘাত থেকে রক্ষার জন্য ব্লকগুলো রেখে দিয়েছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পাউবো সূত্রে জানা গেছে, চরহাইজদা উপপ্রকল্পের ফসল রক্ষা বাঁধটির দৈর্ঘ্য ৬১ কিলোমিটার। ২০১৬-১৭ অর্থবছরে ডিঙ্গাপোতা হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধের অতি ঝুঁকিপূর্ণ স্থানগুলো শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ৪ দশমিক ৭০০ কিলোমিটার বাঁধ ব্লক দিয়ে স্থায়ীভাবে নির্মাণ করা হয়। এ কাজে ব্যয় হয় ৩৯ কোটি ৬৪ লাখ টাকা।

ডিঙ্গাপোতা হাওরের প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর জমির বোরো ধানসহ পাশের খালিয়াজুরি উপজেলার কয়েকটি হাওরের ফসল বন্যার পানি থেকে রক্ষায় বাঁধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এদিকে বাঁধসংলগ্ন বরান্তর গ্রামের ব্যবসায়ী বজলু মিয়া অভিযোগ করেন, বানিয়াহারী গ্রামের প্রায় ২৫ জন ব্যক্তি নৌকায় করে ব্লক নিয়ে যাচ্ছিলেন। তিনি তাঁদের বাধা দিলে তাঁকে গালাগাল ও ভয়ভীতি দেখানো হয়। পরে তাঁর মাছের আড়তেও হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বজলু মিয়া।

গাগলাজুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ চৌধুরী বলেন, বানিয়াহারী গ্রামের লোকজন রাতের আঁধারে এসব ব্লক নিয়ে গেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁদের বাড়িঘরেও ব্লক পাওয়া যাচ্ছে। থানায় অভিযোগ দেওয়ার পরও কিছু সময় ব্লক নিয়ে যাওয়ার ঘটনা বন্ধ হয়নি। পরে স্থানীয় রাজনৈতিক নেতারা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ব্লকগুলো ফেরত দেওয়ার উদ্যোগ নেন।

জেলা পুলিশের গণমাধ্যম শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন, ব্লক নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়ার পর পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে সেগুলো ফেরত আনার উদ্যোগ নেয়। বাকি ব্লকগুলোও শুক্রবারের মধ্যে ফেরত আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ