
প্রজ্ঞাপন না আসা পর্যন্ত শাহবাগ ছাড়বেন না প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। প্রার্থীরা জানিয়েছেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং ঘরে ফিরবেন না।
আন্দোলনকারীদের ভাষ্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিলেও এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা কিংবা দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। এ অবস্থায় তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ঘোষণা অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন বলে জানিয়েছেন।
আন্দোলনকারীদের এক প্রতিনিধি গণমাধ্যমকে বলেন, “শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন। কিন্তু ইতোমধ্যে তিন মাসের বেশি সময় পেরিয়ে গেছে। আমাদের অনেকেই আগের চাকরি ছেড়ে দিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রজ্ঞাপন ছাড়া এবার আমরা ঘরে ফিরব না।”
এর আগে রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে জাতীয় জাদুঘরের সামনের সড়কে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। পরে দুপুরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী দ্রুত যোগদানপ্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেন। তবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জনকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।
কিন্তু ফল প্রকাশের আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো যোগদানের নির্দেশনা না পাওয়ায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও হতাশা বিরাজ করছে।
রিপোর্ট: নাসরিন বেগম


