Skip to main content

Chetona Ekush

, ,

ফেসবুকে আপত্তিকর পোস্ট করলেই শাস্তি; মাদরাসার শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক। চেতনা একুশ:

সামাজিক যোগাযোগমাধ্যমে কর্তৃপক্ষের বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশনা নিয়ে কুরুচিপূর্ণ, শিষ্টাচারবহির্ভূত, বিভ্রান্তিকর ও উসকানিমূলক মন্তব্য কিংবা পোস্ট করা থেকে বিরত থাকতে মাদরাসার শিক্ষক-কর্মচারীদের কঠোর নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান ও নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে অধিদপ্তর।

সোমবার (২ নভেম্বর) অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে অধিদপ্তরের আওতাধীন সব মাদরাসায় কর্মরত শিক্ষক ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল, সংযত ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, মাদরাসার কিছু শিক্ষক তাঁদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে কর্তৃপক্ষের বিভিন্ন নির্দেশনা ও সিদ্ধান্ত নিয়ে আপত্তিকর, কুরুচিপূর্ণ এবং প্ররোচনামূলক মন্তব্য ও পোস্ট প্রকাশ করছেন। এ ধরনের প্রচারণার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত মাদরাসা শিক্ষকদের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে।

অধিদপ্তরের মতে, শিক্ষকদের এ ধরনের দায়িত্বহীন কর্মকাণ্ডের ফলে মাদরাসা শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এতে অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রম, সুনাম ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’-এর ১০ (ঙ), ১০ (ছ) ও ১০ (ঝ) অনুচ্ছেদের পরিপন্থী। পাশাপাশি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’-এর ১৮ (গ) ধারা অনুযায়ী এসব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এ পরিপ্রেক্ষিতে দেশের সব সরকারি ও বেসরকারি মাদরাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের ফেসবুকসহ যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তিকর, আপত্তিকর বা উসকানিমূলক পোস্ট ও মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনলাইন মাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানের স্বাক্ষরে জারি করা বিজ্ঞপ্তিটি দেশের সব মাদরাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের কাছে প্রয়োজনীয় অবগতি ও বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ