
কনকচাঁপা ও বেবী নাজনীন। ছবি – সংগৃহীত
চেতনা একুশ ডেস্ক, ঢাকা: জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন ও কনকচাঁপা এবার সরাসরি রাজনীতির মাঠে সক্রিয় হতে যাচ্ছেন। দুজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়েছেন।
গত ১০ এপ্রিল দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে কনকচাঁপা ইতোমধ্যে সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং আগামীকাল তা জমা দেবেন বলে জানিয়েছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর বেবী নাজনীন বলেন, দীর্ঘ চার দশকের রাজনৈতিক সম্পৃক্ততা এবং দেশের নতুন প্রজন্মকে যোগ্যভাবে গড়ে তোলার লক্ষ্য থেকেই তিনি নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। তিনি উল্লেখ করেন, দলের প্রতি তার আনুগত্য দীর্ঘদিনের এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। দেশের উন্নয়ন ও তরুণ প্রজন্মের কল্যাণে কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে কনকচাঁপা জানান, দলের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও নিষ্ঠার মূল্যায়ন হিসেবে তিনি মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। পাশাপাশি দলের যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন এই শিল্পী।
রাজনীতির অঙ্গনে দুই জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্বের এই অংশগ্রহণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


