
নিজস্ব প্রতিবেদক। চেতনা একুশ :
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুরোধ উপেক্ষা করে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ডিসেম্বরেই আয়োজনের সিদ্ধান্তে অটল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষার সময় পেছানোর বিষয়ে ইউজিসির প্রস্তাব এলেও নিজেদের ঘোষিত সূচিতে কোনো পরিবর্তন আনছে না দেশের অন্যতম শীর্ষ এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদ্দী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষা পেছানোর প্রস্তাব ইউজিসির, নিজস্ব সিদ্ধান্তে অনড় ঢাবি
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের সময়সূচিতে সমন্বয় আনার উদ্যোগ নিয়েছে ইউজিসি। এ লক্ষ্যে সোমবার সকালে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে একটি বৈঠক করে সংস্থাটি।
বৈঠকে অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় ইউজিসির প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে। প্রস্তাব অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে ভর্তি আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়ার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ জানান, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা এবং বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের মধ্যে সমন্বয় নিশ্চিত করতেই পরীক্ষা পেছানোর বিষয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
তবে ইউজিসির এই উদ্যোগে সাড়া দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে সম্মতি জানিয়েছে, সেখানে ঢাবি কর্তৃপক্ষ ডিসেম্বরের পূর্বঘোষিত সময়সূচি অনুসরণ করেই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তে অনড় রয়েছে।
বিশ্ববিদ্যালয়টির এই অবস্থানের ফলে এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে ফলাফল পুনর্মূল্যায়ন কিংবা সম্পূরক পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে জটিলতায় পড়তে পারেন।
১১ নভেম্বর থেকে আবেদন, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত ভর্তি সূচি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়সূচি হলো—
- ৫ ডিসেম্বর (শনিবার): আইবিএ (IBA) ইউনিটের ভর্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
- ১২ ডিসেম্বর (শনিবার): বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
- ১৯ ডিসেম্বর (শনিবার): কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
- ২২ ডিসেম্বর (মঙ্গলবার): চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা। সাধারণ জ্ঞান ও অঙ্কন অংশের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
- ২৬ ডিসেম্বর (শনিবার): ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা। সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
ঢাকাসহ আট বিভাগীয় শহরে হবে ভর্তি পরীক্ষা:
ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণের ক্ষেত্রেও পূর্বঘোষিত পরিকল্পনা বহাল রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আইবিএ ও চারুকলা ইউনিট ছাড়া বিজ্ঞান, কলা-আইন-সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও দেশের সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
বিভাগীয় কেন্দ্র হিসেবে নির্ধারিত বিশ্ববিদ্যালয়গুলো হলো—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)। অর্থাৎ, রাজধানী ঢাকাসহ মোট আটটি বিভাগীয় শহরে একযোগে এসব ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইউনিটভেদে আবেদন ফি নির্ধারণ:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউনিটভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। আইবিএ ইউনিটের আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা, চারুকলা ইউনিটের জন্য ১ হাজার ৪০০ টাকা এবং বিজ্ঞান, কলা-আইন-সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রতিটির জন্য আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।
সব মিলিয়ে ইউজিসির কেন্দ্রীয়ভাবে ভর্তি কার্যক্রমের সময়সূচি সমন্বয়ের উদ্যোগের মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয় নিজস্ব সিদ্ধান্তে পূর্বঘোষিত ডিসেম্বরের ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। ফলে আগামী ১১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আবেদন প্রক্রিয়া এবং ডিসেম্বরের পরীক্ষাকে সামনে রেখেই প্রস্তুতি নিতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।


