‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

নিজস্ব প্রতিবেদক , চেতনা একুশ
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় অনিয়ম, অবহেলা ও রোগীদের হয়রানির অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ. সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট করে বলেছেন, চিকিৎসা সেবায় কোনো ধরনের অনিয়ম ও অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
শুক্রবার সকালে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন, ‘কোনোভাবেই চিকিৎসাসেবায় অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না। হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’
হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি চিকিৎসক, রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রীর কাছে অভিযোগ আসে, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও অনেক রোগীকে বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে। এতে রোগীদের নিজেদের পকেট থেকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।
রোগীদের এমন অভিযোগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, রোগীদের চিকিৎসার জন্য সরকার অর্থ দিচ্ছে। হাসপাতালের ভেতরেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ-সুবিধা রয়েছে। এরপরও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। সরেজমিন পরিদর্শনের সময় রোগীদের কাগজপত্র পর্যালোচনা এবং তাদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, অনেক রোগীকে হাসপাতালের বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার ক্ষেত্রে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। হাসপাতালটিকে প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে। এরপরও যদি রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
সম্প্রতি হাসপাতালটির চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেবা প্রত্যাশীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসার পর তিনি নিজেই হাসপাতালে সরেজমিন পরিদর্শনে যান।
পরিদর্শনের সময় মন্ত্রীকে কাছে পেয়ে রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা কার্যকর করা এবং রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
রোগীদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তাদের আশ্বস্ত করে তিনি বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসা সেবায় অনিয়ম ও অবহেলার কোনো সুযোগ নেই।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহের তথ্য জানান। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি।
এ ছাড়া আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন বলেও জানান তিনি।


