Skip to main content

Chetona Ekush

, ,

মেট্রোস্টেশনের নিচে অবৈধ পশুর হাট: শর্ত ভঙ্গের দায়ে ইজারাদারের জামানত বাজেয়াপ্ত করছে ডিএনসিসি


চেতনা একুশ ডেস্ক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর উত্তরায় নিয়ম ভেঙে মেট্রোস্টেশনের নিচে পশুর হাট বসানোর চরম খেসারত দিতে হচ্ছে ইজারাদারকে। উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচে কোরবানির পশুর অস্থায়ী হাট বসানোর ফলে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের প্রায় ৩০ লাখ ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে গঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তদন্ত কমিটি বৃহস্পতিবার প্রতিবেদন জমা দিয়েছে।চুক্তির শর্ত লঙ্ঘন করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করায় ইজারাদারের জামানতের পুরো টাকা কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।


জানা গেছে, চলতি বছর উত্তরার দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টর-সংলগ্ন বউবাজার এলাকায় অস্থায়ী পশুর হাটের ইজারা পেয়েছিল ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল। কিন্তু ইজারাদারের দায়িত্বজ্ঞানহীনতায় নির্ধারিত সীমানা ডিঙিয়ে হাট ছড়িয়ে পড়ে সরাসরি মেট্রোস্টেশনের নিচের সড়ক, ফুটপাত ও সৌন্দর্যবর্ধনমূলক স্থাপনায়। যত্রতত্র পশু বেঁধে রাখায় স্টেশনের চারপাশের পরিবেশ যেমন বিনষ্ট হয়, তেমনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেখানকার গাছপালা ও ফুলের বাগান।


মেট্রো রেলের মতো একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কেপিআই (KPI) কেপিআইভুক্ত এলাকার এমন বেহাল দশা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। জনঅসন্তোষের মুখে পরিস্থিতি খতিয়ে দেখতে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান।


সরেজমিনে পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্টেশন ও সড়ক সুরক্ষায় ইজারাদারকে বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি ব্যবসায়ীদের সরিয়ে নিতে কোনো পদক্ষেপ নেননি। উল্টো পুরো এলাকাটিকেই নিজের ইজারাভুক্ত জায়গা বলে দাবি করেন, যা সম্পূর্ণ বেআইনি।


অবশ্য অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর বসে থাকেনি ঢাকা উত্তর সিটি করপোরেশন। ক্ষতিগ্রস্ত এলাকাটি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে পূর্বের রূপ ফিরিয়ে আনা হয়েছে। মেট্রোস্টেশনের নিচে পুনরায় রোপণ করা হয়েছে রকমারি ফুল ও সৌন্দর্যবর্ধক গাছ, সম্পন্ন করা হয়েছে চারপাশের সবুজায়ন কার্যক্রম।


এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুন-উল-হাসান জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে কমিটির প্রতিবেদনটি ইতোমধ্যে নথিভুক্ত করা হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় নির্দেশনার জন্য তা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে।


এদিকে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান নিশ্চিত করেছেন, সরকারি সম্পদের ক্ষতিসাধন এবং ইজারা চুক্তির শর্ত ভঙ্গের দায়ে তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে ইজারাদারের জামানত থেকে ক্ষতির সম্পূর্ণ অর্থ কেটে রাখা হবে। জনস্বার্থে ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এমন অনিয়মের বিরুদ্ধে আগামীতেও জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ