Skip to main content

Chetona Ekush

, ,

যৌথ ব্যবসার ফাঁদে ১৪ কোটি ৩৮ লক্ষ টাকা আত্মসাৎ: ট্রাস্ট গোল্ডের মালিক সৌমেন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, চেতনা একুশ

রাজধানীর গুলশানে যৌথ অংশীদারিত্বের প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’-এর মালিক সৌমেন সাহাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (৩ জুলাই) সকালে হাতিরঝিল থানা এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে গুলশান থানা পুলিশ তাকে আইনের আওতায় নিয়ে আসে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পরিচয় থেকে কোটি টাকার বিশ্বাসভঙ্গ

পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালে ধানমন্ডির মেট্রো শপিং মলে ব্যবসায়িক সূত্রে ভুক্তভোগী ব্যবসায়ী বিপ্লব চক্রবর্তীর সঙ্গে প্রথম পরিচয় হয় সৌমেন সাহার। করোনাকালীন সংকটের সময়ে তাদের মধ্যকার সম্পর্ক আরও গভীর হয় এবং একটি সুদৃঢ় পারিবারিক বিশ্বাস গড়ে ওঠে।


পরবর্তীতে ২০২৩ সালে দুবাই থেকে স্বর্ণ আমদানির লাভজনক ব্যবসার কথা বলে প্রথমে ৫০ লাখ টাকা ধার নেন সৌমেন। এরপর গুলশানের বিলাসবহুল শপিং মল ‘পুলিশ প্লাজা কনকর্ড’-এ অবস্থিত ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ প্রতিষ্ঠানে অংশীদার (পার্টনার) করার লোভ দেখিয়ে দফায় দফায় নগদ ও চেকের মাধ্যমে সর্বমোট ১৪ কোটি ৩৮ লাখ টাকা হাতিয়ে নেন তিনি।

লভ্যাংশ গায়েব, উল্টো প্রাণনাশের হুমকি

দীর্ঘ সময় পার হয়ে গেলেও ব্যবসার কোনো লভ্যাংশ কিংবা মূলধনের হিসাব ভুক্তভোগীকে দেওয়া হয়নি। উল্টো পাওনা টাকা ও লভ্যাংশের হিসাব চাইলে সৌমেন সাহা বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে ভুক্তভোগী ব্যবসায়ীকে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অবশেষে শ্রীঘরে প্রতারক

প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগী বিপ্লব চক্রবর্তী গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর গুলশান থানা পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতিরঝিল এলাকা থেকে অভিযুক্ত সৌমেন সাহাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার নেপথ্যের পুরো বিষয়টি খতিয়ে দেখতে জোর তদন্ত চলছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ