
নিজস্ব প্রতিবেদক
বাজারের পরিধি বাড়ানো, বিদেশি বিনিয়োগ টানা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের একটি প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করার রূপরেখা তৈরি করা হয়েছে।
বিআইআইএস আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন। নীতিনির্ধারণে গবেষণার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, এখন থেকে কোনো খণ্ডিত বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, বরং গভীর গবেষণা ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের ভিত্তিতেই পরিচালিত হবে বাংলাদেশের কূটনীতি।জাতীয় নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে দেশের নিরাপত্তা কাঠামো বিচ্ছিন্নভাবে চলেছে। একটি শক্তিশালী ও সমন্বিত জাতীয় নিরাপত্তা কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি।
তিনি স্পষ্ট করে বলেন, একটি রাষ্ট্রের আন্তর্জাতিক মর্যাদা নির্ভর করে তার অভ্যন্তরীণ সুশাসন ও গণতন্ত্রের ওপর। জনগণের আস্থা ছাড়া বিশ্বমঞ্চে সম্মান অর্জন করা অসম্ভব।
আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে তিনি বার্তা দেন যে, বাংলাদেশ কোনো রাজনৈতিক শর্তারোপ নয়, বরং পারস্পরিক অংশীদারিত্ব প্রত্যাশা করে। তিনি আরও যোগ করেন, একটি স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে গতিশীল বাংলাদেশ বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, তুর্কি রাষ্ট্রদূত রামিস সেন, সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লি, সংসদ সদস্য জাহরাত আদিব চৌধুরী এবং সিজিএস-এর নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসীসহ বিশিষ্ট গবেষক ও কূটনীতিকরা। তারা বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির নানা দিক নিয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।


