Skip to main content

Chetona Ekush

, ,

রাষ্ট্রীয় সুবিধা নেওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনার ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

মুক্তিযোদ্ধার পরিচয়ে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণকারী অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেছেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়েও তালিকায় অন্তর্ভুক্ত হয়ে দীর্ঘদিন ধরে সরকারি সুবিধা ভোগ করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বেআইনিভাবে নেওয়া সুবিধারও জবাবদিহি করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস, গৌরব ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার স্বার্থে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। অতীতে বিভিন্নভাবে অমুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হয়েছে, যা অনৈতিক ও বেআইনি। সরকার ইতোমধ্যে এসব ব্যক্তিকে শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে।

তিনি আরও বলেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, তারা যেন স্বেচ্ছায় তালিকা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন। এতে শাস্তির মাত্রা কিছুটা কমতে পারে। অন্যথায় সরকারিভাবে শনাক্ত হওয়ার পর আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।সভায় দরিদ্র ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ হবে না বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। তিনি জানান, প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ।

মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র পুনর্বিবেচনার কাজও চলমান রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে নেতারা মন্ত্রণালয়ে প্রস্তাব জমা দিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, জুন মাসের মধ্যেই কাউন্সিল সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি মে মাসের মধ্যেই শেষ করা হবে।

মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্ট : নাসরিন বেগম

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ