Skip to main content

Chetona Ekush

, ,

সংরক্ষিত নারী আসনের ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এই তালিকা প্রকাশের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের জন্য জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণের পর মনোনয়ন বোর্ড ৩৬ জন প্রার্থী চূড়ান্ত করেছেন। দলীয় সূত্রে জানা যায়, মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও জমা দেন প্রায় ৯০০ জন।

মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, বিএনপি সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা, বিএনপির কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আরলী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, মহিলা দলের সাধারণ সম্পাদক নীলুফার চৌধুরী মনি, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবিরা সুলতানা, মায়ের ডাক-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, সহস্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ, প্রয়াত শফিউল বারীর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, জেবা আমিন খান, সানসিলা জেবরিন, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা। 

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা, কণ্ঠশিল্পী বেবি নাজনীনও শেষ পর্যন্ত এই তালিকায় জায়গা করে নিতে পারেননি। এছাড়া মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ এবং প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দীন মওদুদও মনোনয়ন পাননি।

রিপোর্ট: এড্. নাসরিন বেগম

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ