Skip to main content

Chetona Ekush

, ,

সন্ধ্যার আকাশে রহস্যময় আলোর ঝলক, কৌতূহলে দেশজুড়ে আলোচনা

দেশের আকাশে রহস্যময় উজ্জ্বল আলোর ঝলক

নিজস্ব প্রতিবেদক । চেতনা একুশ

দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় দেখা গেছে রহস্যময় উজ্জ্বল আলোর ঝলক। সন্ধ্যা ৭টার দিকে কয়েক মিনিট ধরে আকাশে ভেসে থাকা এই আলোকচ্ছটা ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও নানা জল্পনা-কল্পনা।


ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আলোর ছবি ও ভিডিও। অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। কেউ বলছেন এটি ভারতের কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফল, আবার কারও ধারণা এটি রকেটের ধোঁয়া বা মহাকাশ সংক্রান্ত কোনো ঘটনার অংশ। এআই ব্যবহার করেও অনেকে এ বিষয়ে নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন।


বিষয়টি নিয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, তিনিও আলোটির ছবি ও ভিডিও দেখেছেন। তবে এটি আবহাওয়া জনিত কোনো ঘটনা নয় বলে ধারণা করা হচ্ছে। আলোর প্রকৃত উৎস সম্পর্কে নিশ্চিত হতে আরও সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।


এদিকে ভারতের বিভিন্ন স্থান থেকেও একই ধরনের আলো দেখা গেছে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিট থেকে ৬টার মধ্যে আকাশে ওই উজ্জ্বল আলোকরেখা দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আলোটি ছিল অনেকটা সার্চলাইটের মতো এবং সেটিকে নির্দিষ্ট গতিপথে এগিয়ে যেতে দেখা গেছে।


জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী এই রহস্যময় আলোর সম্ভাব্য তিনটি কারণ তুলে ধরেছেন। তার মতে, প্রথম সম্ভাবনা হতে পারে উল্কাপাত। যদিও সাধারণত উল্কাবৃষ্টি গভীর রাতে দেখা যায়, তারপরও আলোটির আকার ও গতি বিষয়টিকে ভিন্নভাবে ভাবাচ্ছে।


দ্বিতীয় সম্ভাবনা হিসেবে তিনি বলেন, এটি কোনো রকেটের অংশ হতে পারে। তার ধারণা, বঙ্গোপসাগরের ওপর দিয়ে অতিক্রম করার সময় কোনো রকেটের জ্বালানি শেষ হয়ে গেলে তার ছোট একটি অংশ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছে, যার কারণেই এমন আলোর সৃষ্টি হতে পারে।


তৃতীয় সম্ভাবনা হিসেবে তিনি ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টিও উড়িয়ে দেননি। তবে তার মতে, যদি এটি ক্ষেপণাস্ত্রের আলো হতো, তাহলে সেটি আকাশে আরও দীর্ঘ সময় দৃশ্যমান থাকার কথা। ফলে পুরো ঘটনাটিকে এখনো রহস্যময় বলেই মনে করছেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ