Skip to main content

Chetona Ekush

, ,

৪৫ হাজার কোটি টাকার চুক্তি: বোয়িংয়ের ১৪ আধুনিক উড়োজাহাজে শক্তিশালী হচ্ছে বিমানের বহর

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি সই


নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের আকাশপথ পরিবহন খাতে বড় এক অগ্রগতির পথে এগোল রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সম্পন্ন করেছে সংস্থাটি। এ জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, কেনা ১৪টি উড়োজাহাজের মধ্যে ১০টি হবে অত্যাধুনিক ওয়াইড-বডির ‘৭৮৭ ড্রিমলাইনার’ এবং বাকি ৪টি ন্যারো-বডির ‘৭৩৭ ম্যাক্স’। এসব উড়োজাহাজ ধাপে ধাপে সরবরাহ করা হবে। প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরে হাতে পাওয়ার কথা রয়েছে, আর ২০৩৫ সালের মধ্যে পুরো বহর হস্তান্তর সম্পন্ন হবে।

বিমান কর্তৃপক্ষের মতে, নতুন এই উড়োজাহাজগুলো জ্বালানি সাশ্রয়ী ও প্রযুক্তিগতভাবে উন্নত হওয়ায় সংস্থার বহর আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি অপারেশনাল সক্ষমতা বাড়ানো, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রীসেবার মান উন্নয়নে তা সহায়ক হবে। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হওয়া, বৈশ্বিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন খাতের বিকাশের নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও মনে করছে সংশ্লিষ্টরা।

চুক্তি প্রসঙ্গে বোয়িংয়ের পক্ষ থেকে জানানো হয়, নতুন উড়োজাহাজগুলো দীর্ঘপথের আন্তর্জাতিক রুট—বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকায়—পরিচালনায় ব্যবহৃত হবে। আগের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী হওয়ায় এগুলো পরিচালন ব্যয় কমাতেও সহায়ক হবে।

এর আগে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ২৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথা সামনে এলেও পরবর্তীতে তা সংশোধন করে ১৪টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নেয় বিমান পরিচালনা পর্ষদ।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের একাধিক মন্ত্রী, উপদেষ্টা এবং কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ