Skip to main content

Chetona Ekush

, ,

৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের খবরটি গুজব, রক্ষণাবেক্ষণ কাজের কারণে সরবরাহ কমতে পারে ৩২০ মিলিয়ন ঘনফুট: পেট্রোবাংলা

চেতনা একুশ ডেস্ক:

আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি বলেছে, এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কিছুটা কমতে পারে। তবে সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই।

মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটি সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারিগরি কার্যক্রমের অংশ হিসেবে টার্মিনালটির রিগ্যাসিফিকেশন বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসকে পুনরায় গ্যাসে রূপান্তরের প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এর ফলে আগামী চার দিন জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের পরিমাণ কিছুটা কমে আসতে পারে। বর্তমানে দৈনিক গড়ে ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও রক্ষণাবেক্ষণকাজ চলাকালে তা কমে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসার আশঙ্কা রয়েছে। অর্থাৎ দৈনিক সরবরাহ প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট কমতে পারে।

পেট্রোবাংলা জানিয়েছে, এই ঘাটতি সম্পূর্ণ সাময়িক এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট। এর কারণে দেশের কোথাও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে না। তবে সরবরাহের পরিমাণ কমে যাওয়ায় কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে। এতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের কোনো কোনো গ্রাহক সীমিত মাত্রায় ভোগান্তির মুখে পড়তে পারেন।

সংস্থাটি আরও জানায়, প্রকৃত পরিস্থিতি আড়াল করে বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। কোনো কোনো মহল সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো কিংবা বানোয়াট ফটোকার্ড ব্যবহার করে আগামী চার দিন দেশে সম্পূর্ণ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে প্রচার করছে। এসব প্রচারণার সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই।

এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা। একই সঙ্গে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হওয়ার খবরটি অসত্য। তাই এ ধরনের গুজবে কান না দিয়ে জনসাধারণকে সতর্ক ও বিভ্রান্তিমুক্ত থাকার অনুরোধ করা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ