পর্যন্ত জরিমানা

চেতনা একুশ ডেস্ক
ডিজিটাল যুগের নিত্যনতুন ফাঁদ অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং এবং ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক জুয়ার করাল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও দেশের অর্থনীতিকে রক্ষা করতে জাতীয় সংসদে সর্বসম্মতিতে পাস হয়েছে ঐতিহাসিক ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’। গত মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য উপস্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়।
এর মাধ্যমে ১৫৯ বছর আগের ‘প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭’ বাতিল করে সময়োপযোগী নতুন আইন প্রণয়ন করা হয়েছে। নতুন আইনে ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের মতো অপরাধের জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
এর আগে গত ২৩ জুন স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করেন। পরে এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটির সুপারিশের ভিত্তিতেই বিলটি চূড়ান্তভাবে সংসদে পাস হয়।
নতুন আইনে জুয়া, ডিজিটাল জুয়া, অনলাইন ও দূরবর্তী জুয়া, স্পোর্টস বেটিং, ডিজিটাল সম্পদ, ডিজিটাল ওয়ালেট, প্ল্যাটফর্ম, টোটালাইজেটর, বাজিকর, ম্যাচ ফিক্সিংসহ মোট ২৪টি বিষয়ের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী ১৪ ধরনের শাস্তির বিধানও রাখা হয়েছে।
আইনের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, দেড় শতাব্দীরও বেশি পুরোনো ‘প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭’ বর্তমান ডিজিটাল বাস্তবতায় কার্যকর নয়। অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো এবং ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক জুয়ার মতো নতুন ধরনের অপরাধ মোকাবিলায় বিদ্যমান আইনি কাঠামো অপর্যাপ্ত হয়ে পড়েছিল।
এতে আরও বলা হয়েছে, অনলাইন বেটিং প্ল্যাটফর্ম, ভিপিএন, সামাজিক যোগাযোগমাধ্যম, ভুয়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট এবং বিভিন্ন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে পরিচালিত জুয়া, অর্থপাচার ও প্রতারণা দেশের সামাজিক শৃঙ্খলা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং তরুণ সমাজের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। এসব বিবেচনায় পুরোনো আইন বাতিল করে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন প্রণয়ন করা হয়েছে।
নতুন আইনে অনলাইন বা দূরবর্তী জুয়া, স্পোর্টস বেটিং, লাইভ বেটিং, ক্যাসিনো বেটিং, ক্রিপ্টোকারেন্সি, ঘোস্ট সিম, ভুয়া এমএফএস অ্যাকাউন্ট এবং ডিজিটাল ওয়ালেটের সুনির্দিষ্ট সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া জুয়ার উদ্দেশ্যে অর্থ জমা, উত্তোলন বা স্থানান্তর, বিদেশি অনলাইন জুয়া প্ল্যাটফর্মের প্রতিনিধি বা এজেন্ট হিসেবে কাজ করা, সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়াসংক্রান্ত পেজ বা চ্যানেল পরিচালনা, জুয়ার সরঞ্জাম বা ডিজিটাল প্ল্যাটফর্ম সরবরাহ, জুয়ার বিজ্ঞাপন প্রচার এবং স্পনসরশিপকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইন অনুযায়ী, এসব অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, সর্বোচ্চ পাঁচ কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি এই আইনের আওতায় সংঘটিত অপরাধগুলোকে আমলযোগ্য ও অজামিনযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব মামলার বিচার সাইবার ট্রাইব্যুনাল অথবা প্রযোজ্য ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতে পরিচালিত হবে।


