Skip to main content

Chetona Ekush

, ,

একদিনেই পুলিশে বড় রদবদল : ৯ ডিআইজিসহ ৩৯ কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক | চেতনা একুশ

দেশের পুলিশ প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল আনা হয়েছে। একদিনেই ডিআইজি পদমর্যাদার ৯ জনসহ মোট ৩৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলির নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের আলোচিত উপকমিশনার মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পঞ্চগড়, বান্দরবান, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার ও ফেনী জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার জিললুর রহমানকে সিলেট রেঞ্জে, এবং বিশেষ শাখার ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া বরিশাল মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি আশিক সাঈদকে বরিশাল মহানগর পুলিশের কমিশনার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলামকে সিআইডিতে এবং সিআইডির ডিআইজি আবুল বাশার তালুকদারকে ডিএমপিতে আনা হয়েছে। একইভাবে সানা শামীনুর রহমান ও মোহাম্মদ শামসুল হকের মধ্যেও দায়িত্ব অদলবদল করা হয়েছে।

অন্যদিকে বিভিন্ন পর্যায়ের আরও কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। উপসচিব পদ থেকে প্রত্যাগত ড. শাহেদুল আকবর খানকে বিশেষ শাখায়, ড. এলিজা শারমীনকে পুলিশ অধিদপ্তরে এবং ডিএমপির একাধিক উপকমিশনারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

অপর প্রজ্ঞাপনে জেলার পুলিশ সুপারদের মধ্যেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। পঞ্চগড়, বান্দরবান, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার ও ফেনী জেলার বর্তমান এসপিদের বিভিন্ন ইউনিটে বদলি করে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া নৌ পুলিশ, এপিবিএন, সিআইডি, ডিএমপি ও অন্যান্য ইউনিটে একাধিক কর্মকর্তার দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।পুলিশ প্রশাসনের এই ব্যাপক রদবদলকে চলমান প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। প্রশাসনের এই ব্যাপক রদবদলকে আইন-শৃঙ্খলার উন্নয়ন ও চেইন অব কমান্ড শক্তিশালী করার একটি নিয়মিত প্রক্রিয়া হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ