
চেতনা একুশ ডেস্ক:
রাজধানীর কলাবাগানে আট বছরের এক অবুঝ শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের লোমহর্ষক অভিযোগ উঠেছে। এই জঘন্য ঘটনায় জড়িত থাকার অপরাধে প্রতিবেশী এক ষাটোর্ধ্ব বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে কলাবাগান এলাকার নর্থ সার্কুলার রোডের একটি বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটে। অভিযুক্ত বৃদ্ধ তার ভাইয়ের পরিবারের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন। ভুক্তভোগী শিশুটি ছিল তার প্রতিবেশী।
ঘটনার রাতে শিশুটি বাড়ির সামনে খেলছিল। এ সময় চকলেট দেওয়ার নাম করে তাকে নিজের ঘরে ডেকে নেন ওই বৃদ্ধ। এরপর ঘরের দরজা বন্ধ করে দিয়ে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়।
চিৎকার শুনে এগিয়ে এলেন প্রতিবেশীরা। নির্যাতনের শিকার শিশুটি একপর্যায়ে চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি ভয় পেয়ে ঘরের দরজা খুলে দিতে বাধ্য হয়। শিশুটির কান্না ও চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসেন এবং ঘটনাটি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধকে আটকে রেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
এদিকে ঘটনার পরপরই ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ন্যাক্কারজনক ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার হওয়া ওই বৃদ্ধ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। আজ শনিবারই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


