
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ
‘ক্রসমার্কেট ডট এআই’ (crossmarket.ai) নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধভাবে বিনিয়োগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত এ ধরনের প্ল্যাটফর্মে অর্থ বিনিয়োগ কিংবা কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি অনলাইনে ‘ক্রসমার্কেট’ প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধভাবে বিনিয়োগ গ্রহণের বিষয়টি তাদের নজরে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ১৫(২) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া এ ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ গ্রহণ সম্পূর্ণ অবৈধ। একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী এ ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অননুমোদিত প্ল্যাটফর্ম পরিচালনাকারী প্রতিষ্ঠান বা এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা শাস্তিযোগ্য অপরাধে জড়িয়ে পড়ছেন। একইভাবে এসব প্ল্যাটফর্মে বিনিয়োগ বা আর্থিক লেনদেনে অংশ নেওয়ার মাধ্যমেও সাধারণ বিনিয়োগকারীরা ওই অপরাধের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।
এ কারণে ‘ক্রসমার্কেট’সহ যেকোনো অননুমোদিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বেআইনিভাবে বিনিয়োগ গ্রহণের কার্যক্রম পরিচালনা কিংবা তাতে অংশগ্রহণ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, নিজের কষ্টার্জিত অর্থের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। কোনো প্রতিষ্ঠান বা অনলাইন প্ল্যাটফর্মে অর্থ বিনিয়োগের আগে সেটি বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তার মূল উদ্দেশ্য হলো—অনুমোদনহীন অনলাইন প্ল্যাটফর্মে বিনিয়োগ করে যাতে সাধারণ মানুষ আর্থিক ঝুঁকিতে না পড়েন এবং অবৈধ আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে অনিচ্ছাকৃতভাবে সম্পৃক্ত না হন।


