Skip to main content

Chetona Ekush

, ,

খেলাপি ঋণের অর্থ ফেরাতে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগ, সংসদে অর্থমন্ত্রীর তথ্য

বিশেষ প্রতিনিধি, চেতনা একুশ

ব্যাংকিং খাতের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সৃষ্ট খেলাপি ঋণের অর্থ বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক পর্যায়ের আইনি সহায়তা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০টি ব্যাংকের খেলাপি ঋণ পুনরুদ্ধারে ৯টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সঙ্গে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) স্বাক্ষর করে ‘নো উইন, নো ফি’ ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার জাতীয় সংসদে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, প্রথম ধাপে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ব্যবসায়ী এস আলম এবং বেক্সিমকো, সিকদার, নাসা ও ওরিয়ন গ্রুপ সংশ্লিষ্ট ছয়টি মামলায় কার্যক্রম শুরু হয়েছে।

অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানগুলো অভিযুক্ত ঋণখেলাপিদের বিদেশে থাকা অর্থ ও সম্পদ শনাক্ত করে তা দেশে ফিরিয়ে আনতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেবে। পরবর্তীতে এই কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বুধবার বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়-সংশ্লিষ্ট প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

দেশে ব্যাংক হিসাব ১৯ কোটির বেশি

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ ৫১ হাজার ২৩২। এর মধ্যে ১৭ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৪৬৫টি সঞ্চয়ী হিসাব এবং ১ কোটি ৫৩ লাখ ৭৬৭টি ঋণ হিসাব।

তিনি বলেন, ২০২৬ সালের মধ্যে শতভাগ প্রাপ্তবয়স্ক নাগরিককে আর্থিক ব্যবস্থার আওতায় আনতে জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (এনএফআইএস) বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে দেশে আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৪ দশমিক ৫০ শতাংশ।

বৈদেশিক ঋণ ৭৮ দশমিক ২৩ বিলিয়ন ডলার

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২৬ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ৭৮ হাজার ২৩৩ দশমিক ৪৪৮ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৬১ দশমিক ৯৭ শতাংশ কনসেশনাল এবং ৩৮ দশমিক ০৩ শতাংশ নন-কনসেশনাল ঋণ।

রাজস্বদাতার সংখ্যা বেড়ে ১ কোটি ৩৮ লাখ

ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে নিবন্ধিত রাজস্ব প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা ১ কোটি ৩৮ লাখ ২৯ হাজার ৪৮৬। আগের অর্থবছরের তুলনায় এ সংখ্যা বেড়েছে ১১ দশমিক ৮৬ শতাংশ।

১৪ লাখ কৃষকের ঋণ মওকুফ

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এতে উপকৃত হয়েছেন ১৪ লাখ ১৪ হাজার ৪৩১ জন কৃষক।

তারল্যসংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫ হাজার কোটি টাকার সহায়তা

সংরক্ষিত আসনের সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, গ্রাহকের আমানত ফেরত দিতে সমস্যায় পড়া ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক নিয়মিত জরুরি তারল্য সহায়তা দিচ্ছে।

তিনি জানান, গত ১৫ জুন পর্যন্ত জরুরি তারল্য সহায়তা হিসেবে ৭৫ হাজার ৯০৩ কোটি ১১ লাখ টাকা দেওয়া হয়েছে।

দেশে ৬৩টি ব্যাংকের ১১ হাজারের বেশি শাখা

সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশের ৬৩টি ব্যাংক ১১ হাজার ৩২৬টি শাখা এবং ৪ হাজার ৯২৯টি উপশাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার ৭৫ শতাংশ অর্জন

সংরক্ষিত আসনের সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ২৯ হাজার ৯০ কোটি ৪৫ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার ৭৫ দশমিক ৩০ শতাংশ।

একীভূত পাঁচ ইসলামী ব্যাংক নিয়ে সরকারের অবস্থান

অর্থমন্ত্রী জানান, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংককে ব্যাংক রেজোল্যুশন স্কিম-২০২৫-এর আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, এসব ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে এবং আমানত সুরক্ষা আইন-২০২৬ অনুযায়ী প্রত্যেক গ্রাহক সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পাচ্ছেন। এছাড়া সম্মিলিত ইসলামী ব্যাংকের চলতি হিসাবে আমানত সুরক্ষা তহবিল থেকে ইতোমধ্যে ১২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।

মুদির দোকানসহ নতুন খাত আসছে ভ্যাটের আওতায়

সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছরে মুদির দোকান, বিউটি পারলারসহ বেশ কয়েকটি ব্যবসা ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত খাতগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক ও কাপড়ের বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিকসের দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্যের বিক্রেতা, জুতার দোকান, হার্ডওয়্যার ব্যবসা, ডেকোরেটরস, মোবাইল ফোন ও ইলেকট্রনিকস পণ্যের বিক্রেতা, পেইন্ট, স্যানিটারি ও ফিটিংস, টাইলস, ঢেউটিন, রড, সিমেন্ট, ফার্নিচার, মিষ্টান্ন ভান্ডার এবং রেস্টুরেন্ট।

অর্থমন্ত্রী আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট বাবদ মোট রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ