
অনলাইন ডেস্ক, চেতনা একুশ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার গোমতীর শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
নিহতের ছোট ভাই মো. আব্দুল জলিল জানান, প্রতিবেশী ফজর আলী প্রতিদিনের মতো আব্দুল মালেকের বাড়ির বারান্দায় তার ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে রেখেছিলেন। রাতভর চার্জ দেওয়ার পর সকালে অটোরিকশা নিয়ে যাওয়ার সময় জানালার গ্রিলে মাল্টিপ্লাগটি ঝুলিয়ে রেখে যান তিনি।
দুপুরে অসাবধানতাবশত ওই মাল্টিপ্লাগ খুলতে গেলে বিদ্যুতায়িত হন আব্দুল মালেক। এ সময় তাকে বাঁচাতে এসে তার স্ত্রী শাহেরা খাতুন ও ছেলে শাহ আলম (৩৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসরাফ উদ্দিন আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল মালেকের মৃত্যু হয়েছে। আহত স্ত্রী ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে শাহেরা খাতুনের অবস্থা আশঙ্কাজনক।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


