
চেতনা একুশ ডেস্ক:
রাজধানীর শাহবাগে অবস্থিত আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে ফারাহ ফোরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার (২৬ জুন) ভবনের ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মেধাবী এই চিকিৎসক ৩৯তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেছিলেন। পরবর্তীতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগের রেসিডেন্ট হিসেবে উচ্চতর প্রশিক্ষণ শুরু করেন এবং বর্তমানে তিনি ফেজ-বি রেসিডেন্ট প্রশিক্ষণার্থী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) থেকে তিনি সফলতার সাথে এমবিবিএস পাস করেন।
শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ডা. ফারাহ ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদ দম্পতির সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন এবং ওই ফ্ল্যাটটিতে একাই বসবাস করতেন।
নিঃসঙ্গ ফ্ল্যাটে একজন উদীয়মান ও দক্ষ চিকিৎসকের এই আকস্মিক চলে যাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশি তদন্তের পরেই এই অকাল মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে ধারণা করা হচ্ছে।


