Skip to main content

Chetona Ekush

, ,

জনস্বার্থকে প্রাধান্য দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

প্রতিবেদক : নাসরিন বেগম,

আজ জাতীয় সংসদে পাস হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট। নতুন অর্থ বৎসরের প্রথম দিন ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে। তিন সপ্তাহের আলোচনা, সমালোচনা ও একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনীর পর কণ্ঠভোটে আজ মঙ্গলবার বাজেটটি পাস হয়।

তার আগে গতকাল সোমবার অর্থবিলে মোট ৬৮টি সংশোধনী আনা হয়েছে। এটি দেশের ৫৫তম বাজেট এবং চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের প্রথম বাজেট। ১১ জুন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন।

এরপর সংসদ সদস্যরা টানা তিন সপ্তাহ বাজেটের ওপর আলোচনা করেন। বিরোধী দলের সদস্যরা করনীতি, মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ের লক্ষ্য, সামাজিক নিরাপত্তা ও বিভিন্ন খাতে বরাদ্দ নিয়ে সমালোচনা করেন।

বাজেট পাসের আগে সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সংসদ সদস্যদের বিভিন্ন মতামত ও সুপারিশ বিবেচনায় নিয়ে বাজেটে একাধিক পরিবর্তন আনা হয়েছে।

বাজেট আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, স্বতন্ত্র সদস্য এবং বিরোধী দলের সংসদ সদস্যরা রাজস্ব, করনীতি, ব্যয় ব্যবস্থাপনা ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন। এসব সুপারিশের আলোকে প্রয়োজনীয় সংশোধন এনে বাজেট চূড়ান্ত করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এর আগে জাতীয় সংসদে অর্থ বিল-২০২৬ পাস হয়।

পাস হওয়া বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট ৮ লাখ ৯০ হাজার কোটি টাকার চেয়ে ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।

এবারের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে আদায়ের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।

এবারের বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশ। এবারের বাজেটে সরকার মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

পাস হওয়া অর্থ বিলের প্রধান প্রধান সংশোধনীসমূহ:

• করমুক্ত আয়সীমা বৃদ্ধি: সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনা করে এবারের অর্থ বিলের সবচেয়ে বড় এবং ইতিবাচক সংশোধনীটি আনা হয়েছে আয়করে। করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মধ্যবিত্ত ও নিম্ন-আয়ের করদাতাদের বড় ধরনের স্বস্তি দেবে।

• বিতর্কিত বিধান প্রত্যাহার: জমি ও ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে প্রস্তাবিত বিতর্কিত আইনি ধারাটি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ