
চেতনা একুশ ডেস্ক, চট্টগ্রাম:
দেশে বর্তমানে জ্বালানি তেলের মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, সরকারের ধারাবাহিক উদ্যোগের ফলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং নিকট ভবিষ্যতে কোনো ঘাটতির আশঙ্কা নেই।
১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দেশের বর্তমান জ্বালানি মজুত জাতীয় চাহিদা পূরণে সম্পূর্ণ সক্ষম। একই সঙ্গে পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর কার্যক্রমও জোরদার করা হয়েছে। এপ্রিল ও মে মাসের জন্য প্রয়োজনীয় জ্বালানি ইতোমধ্যে মজুত রয়েছে এবং জুন মাসের চাহিদা সামনে রেখে অতিরিক্ত মজুত নিশ্চিত করার প্রক্রিয়াও চলমান।
তিনি আরও বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত তেল আমদানির উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
লোডশেডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে বিদ্যুৎ ব্যবস্থাপনায় অগ্রাধিকার ভিত্তিতে শিল্প ও কৃষি খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে গৃহস্থালি খাতে তুলনামূলক কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে মে মাসে ফসল উত্তোলন শুরু হলে আবারও গৃহস্থালি খাতকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে জ্বালানি সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান এহসানুল হক, জ্বালানি বিভাগের যুগ্ম সচিব আমির হোসেন চৌধুরী এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত উপস্থিত ছিলেন।


