
চেতনা একুশ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে এক সাবেক শিক্ষার্থী দম্পতি ও তাদের সঙ্গীদের চরম হেনস্তা ও অসৌজন্যমূলক আচরণের শিকার হওয়ার খবর পাওয়া গেছে। অভিযোগের তির উঠেছে হল সংসদের সমাজসেবা সম্পাদক সাজু মিয়ার বিরুদ্ধে, যিনি নেপথ্যে ছাত্রশিবিরের ‘সাথী’ হিসেবে পরিচিত বলে একাধিক সূত্রে জানা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি মেনে হলের মূল ফটকের রেজিস্ট্রার খাতায় নাম লিপিবদ্ধ করে প্রবেশ করা সত্ত্বেও তাদের সঙ্গে এই ন্যাক্কারজনক আচরণ করা হয়। মূলত ‘মেয়ে নিয়ে হলে আসা’র অজুহাত তুলে এক নারী সাবেক শিক্ষার্থীকে সামাজিকভাবে হেনস্তা করে গভীর রাতে তাদের হল ছাড়তে বাধ্য করা হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, গত রাতে ফ্রান্স ও নরওয়ের মধ্যকার বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে যান ছয়জনের একটি দল। এই দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থীসহ এক দম্পতি। হলেরই এক আবাসিক শিক্ষার্থীর আমন্ত্রণে যথাযথ প্রক্রিয়া মেনে তারা মাঠে খেলা শুরুর আগে আড্ডা দিচ্ছিলেন।
সে সময় আকস্মিকভাবে কয়েকজন শিক্ষার্থী এসে তাদের পরিচয় জানতে চান। সাবেক ঢাবি শিক্ষার্থী ও দম্পতি পরিচয় দেওয়ার পরও তারা অত্যন্ত আপত্তিকর ভাষায় প্রশ্ন তোলেন, “আপনারা কোন লজিকে একটা মেয়ে নিয়ে ছেলেদের হলে খেলা দেখতে আসছেন?”
একপর্যায়ে নিজেকে হল সংসদের সমাজসেবা সম্পাদক পরিচয় দিয়ে সাজু মিয়া এবং ক্রীড়া সম্পাদক পরিচয় দিয়ে আরেক শিক্ষার্থী সেখানে আসেন। তারা দাবি করেন, হলে কোনো নারী অবস্থান করতে পারবেন না এবং তাদের ছবি তুলে হলের ফেসবুক গ্রুপে পোস্ট করার প্রচ্ছন্ন হুমকি দেন। ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, সাজু মিয়া একপর্যায়ে অত্যন্ত চড়া গলায় বলেন, “আপনাদের আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করি না। আপনারা এখন উঠেন আর বের হয়ে যান, এখানে মেয়ে নিয়ে থাকা যাবে না।”
অথচ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্তভাবে বড় পর্দায় খেলা দেখার যে আয়োজন, সেখানে পূর্বেও সাবেক ও সাধারণ শিক্ষার্থীরা এভাবে অংশ নিয়েছেন। আয়োজকদের পক্ষ থেকেও কোনো নিষেধাজ্ঞা ছিল না। ঘটনার পর ভুক্তভোগীরা মূল আয়োজকদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, সাজু মিয়া কিংবা তার সঙ্গীরা এই খেলা আয়োজনের কোনো দায়িত্বে বা কমিটিতেই ছিলেন না। পরবর্তীতে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) এসে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভের জোয়ার বইছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আক্তার ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “আহা! কী সম্মানসূচক বাক্য ‘মেয়ে’ নিয়ে বের হয়ে যান। আন্দোলনের সময় মেয়েদের সামনে রাখা হয়, আর পরে অপমান ও হেনস্তা করা হয়। এই নারীবিদ্বেষী মানসিকতা কীভাবে বিশ্ববিদ্যালয়ে টিকে থাকে?” সাধারণ শিক্ষার্থীরা অনেকেই একে ‘সাজু মিয়ার ব্যক্তিগত জমিদারী’ হিসেবে আখ্যা দিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করছেন।
এদিকে অভিযুক্ত সাজু মিয়া অভিযোগ অস্বীকার করে একে তার বিরুদ্ধে ‘অনলাইন মব’ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বলে দাবি করেছেন। তার দাবি, তিনি কোনো আপুর সঙ্গে কথা বলেননি, বরং হলের শৃঙ্খলা রক্ষার্থে স্টাফদের মাধ্যমে ও পরে নিজে গিয়ে শুধু অনুরোধ করেছিলেন।
তবে অনুসন্ধানে সাজু মিয়ার রাজনৈতিক পরিচয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, সাজু মিয়া ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সে ছাত্রশিবিরের নেতৃত্বস্থানীয় কেউ নয়, একজন অনুসারী। সে সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “শিক্ষার্থীরা পুলিশিং বা নৈতিক পাহারাদারির নামে কাউকে হেনস্তা করতে পারে না। কোনো অভিযোগ থাকলে প্রক্টর অফিস বা হল প্রশাসনকে জানাতে হবে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ইতিমধ্যেই ভুক্তভোগী সাবেক শিক্ষার্থীরা বিচারের দাবিতে হল প্রশাসনের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ক্যাম্পাসজুড়ে এখন একটাই দাবি—বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ও মুক্ত পরিবেশ বিনষ্টকারী এই তথাকথিত ‘নৈতিক পুলিশিং’ ও নারী হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।


