
চেতনা একুশ ডেস্ক:
পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন যোগাযোগের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হতে যাচ্ছে। আগামী আগস্ট মাসেই এই রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে নিশ্চিত করেছেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।
সড়কমন্ত্রী বলেন, ঢাকা-পাবনা রুটে ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ (ইঞ্জিন) ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। আগামী জুলাই মাসে দেশে নতুন কিছু রেল কোচ এসে পৌঁছাবে। এই নতুন কোচগুলো হাতে পাওয়ার পরপরই অগ্রাধিকার ভিত্তিতে আগস্ট মাস থেকে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু করা হবে।
তিনি আরও জানান, চলতি বছরের আগস্ট মাসে সরকার নতুন দুটি রুটে ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ঢাকা-পাবনা এবং পরবর্তী ধাপে ঢাকা-খুলনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে।
পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, কাউকে প্রতিপক্ষ না বানিয়ে, মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সাথে নিয়ে একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। এখানে কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে না; বরং জনগণের স্বার্থ ও প্রত্যাশাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অচিরেই দেশে একটি আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে পাবনাবাসীর দীর্ঘদিনের আরেকটি দাবি কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে শেখ রবিউল আলম জানান, এই প্রকল্পের প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি এবং ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। জনস্বার্থ বিবেচনা করে সরকার দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নে বদ্ধপরিকর।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, সেলিম রেজা হাবিব, আবু তালেব মন্ডল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


