
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ
মহাসড়কে স্লিপার বাস চলাচলের ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি বাধ্যতামূলক বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত স্পষ্ট করে বলেছেন, বিআরটিএ যেসব বাসকে মহাসড়কে চলাচলের অনুমোদন দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলতে পারবে। অনুমোদন ছাড়া কোনো স্লিপার বাস মহাসড়কে চালানো যাবে না।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন।
আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি আদালতকে জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের টেকনিক্যাল স্পেসিফিকেশন বা কারিগরি বৈশিষ্ট্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এসব বিধান লঙ্ঘন করা হলে একই আইনের ৮০ ও ৮৪ ধারায় অপরাধ হিসেবে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি আরও জানান, এ ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
বিআরটিএর আইনজীবী আদালতে আরও বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না বলে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
শুনানিতে তিনি জানান, বর্তমানে স্লিপার বাস মহাসড়কে চলাচলের জন্য বিআরটিএর কোনো অনুমতি নেই। ফলে অনুমোদন ছাড়া এসব বাস মহাসড়কে চালানোর সুযোগও নেই।
আইনজীবীর বক্তব্যের পর হাইকোর্টও স্পষ্ট করে দেন, আদালত স্লিপার বাস চালানোর কোনো অনুমতি দেননি। বিআরটিএর অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচল করতে পারবে না।


