
রিপোর্ট : নাসরিন বেগম
দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে সরকার বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। তিন মাস মেয়াদি এ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালে খাবারের ব্যবস্থাও থাকবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের ‘৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
দেশের ৮টি বিভাগের ৬৪ জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা এ প্রশিক্ষণে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্যে যাদের আইসিটি বা কম্পিউটার বিষয়ে প্রাথমিক ধারণা এবং ইংরেজি ভাষায় দক্ষতা রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
যোগ্যতা
- এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
প্রশিক্ষণ কার্যক্রম আগামী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। প্রতিদিন ৮ ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টার এ কোর্স সম্পন্ন করা হবে।
পরীক্ষা ও চূড়ান্ত নির্বাচন
বৈধ আবেদনকারীদের ২০ জুন ২০২৬ লিখিত পরীক্ষা এবং ২১ জুন ২০২৬ মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তথ্য মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ২৪ জুন প্রকাশ করা হবে এবং নির্বাচিতদের এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।
প্রশিক্ষণার্থীদের সুবিধা
এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ধরনের ফি দিতে হবে না। প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। এছাড়া প্রশিক্ষণকালীন সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থা থাকবে। কোর্স সফলভাবে সম্পন্নকারীদের সনদপত্রও প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


