
অনলাইন ডেস্ক, চেতনা একুশ
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং পবিত্রতা লঙ্ঘনের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। বুধবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আজেল নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আব্দুল বাসির ও সিথি আকতার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মক্কার একটি পবিত্র মসজিদের অভ্যন্তরে গুরুতর অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ঘটনার পরপরই স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের গ্রেপ্তার করে। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বিচারিক প্রক্রিয়ায় অপরাধের ধরন, ঘটনাস্থলের ধর্মীয় গুরুত্ব এবং পবিত্র স্থানের মর্যাদা লঙ্ঘনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন। এ সময় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে উচ্চ আদালতসহ সংশ্লিষ্ট সর্বোচ্চ আইনি কর্তৃপক্ষ ওই রায় বহাল রাখেন। পরে রাজকীয় ফরমান জারির মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য
মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের সরকার দেশে নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামী শরিয়াহর বিধান কার্যকরের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং মানুষের সম্মানহানির মতো অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শরিয়াহ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে।
একই সঙ্গে পবিত্র স্থান অবমাননা কিংবা এ ধরনের অপরাধ সংঘটনের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বিবৃতির শেষে বলা হয়েছে: ‘আল্লাহই সরল পথের দিশা দানকারী।”
এদিকে, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর কোনো মন্তব্য করতে রাজি হননি।


