Skip to main content

Chetona Ekush

, ,

রাজধানীতে অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান: জব্দ বিপুল মদ, আটক ২৬ নারীসহ ৮৪ জন

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরে কর্মরত এক অতিরিক্ত উপ-মহাপরিদর্শকের (অতিরিক্ত ডিআইজি) বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ওই বাড়িতে ডিজে পার্টির আড়ালে মাদকের আসর বসত বলে অভিযোগ রয়েছে। অভিযান চালিয়ে ৮৪ জন নারী-পুরুষকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী। এ সময় বিপুল পরিমাণ মদও জব্দ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত চলে। ডিবি সূত্রে জানা গেছে, ভাটারা থানার পুলিশ হাউজিং-১ এলাকায় অবস্থিত আড়াইতলা বাড়িটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

মঙ্গলবার ভোররাত থেকে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবীর। ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানায়, অভিযান চালানো বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। তিনি বর্তমানে পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখায় কর্মরত রয়েছেন। বিসিএস পুলিশ ক্যাডারের ২৪তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

গোয়েন্দা পুলিশের সূত্রের দাবি, বাড়িটি স্বল্পমেয়াদি আবাসন ভাড়ার অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হতো। সেখানে ডিজে পার্টির আয়োজনের পাশাপাশি মাদকের আসর বসত বলে অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। অভিযানে ৮৪ জন নারী-পুরুষকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ মদ জব্দ করেন ডিবির সদস্যরা।

এদিকে, নিজের বাড়িতে ডিবির অভিযান সম্পর্কে বক্তব্য জানতে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোনকলের সাড়া দেননি। পরে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

অভিযানে আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ এবং বাড়িটিতে মাদক সংশ্লিষ্ট কার্যক্রমের অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ