Skip to main content

Chetona Ekush

, ,

শিল্প পুনরুদ্ধারে নতুন পরিকল্পনা, বাজারে আসছে প্রযুক্তিনির্ভর নজরদারি: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক । চেতনা একুশ

দেশের স্থবির শিল্পখাতকে আবার সচল করতে এবং বাজার ব্যবস্থাকে আরও স্থিতিশীল রাখতে সরকার সমন্বিত ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ বা রুগ্ন হয়ে থাকা শিল্পকারখানাগুলো পুনরায় চালু করা এখন সরকারের অন্যতম অগ্রাধিকার, যার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলের বাস্তব চিত্র তুলে ধরে শিল্প পুনরুজ্জীবন নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উঠে আসে।

মন্ত্রী জানান, বস্ত্র ও পাট খাতের প্রায় ৫০টি বন্ধ ও রুগ্ন মিল ধাপে ধাপে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর ফলে নতুন বিনিয়োগ আসবে, উৎপাদন বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। আগামী এক বছরের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসকদের সুপারিশের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা, বন্ধ চিনিকল পুনরায় চালু করা এবং ডিস্টিলারি স্থাপনের মাধ্যমে রপ্তানি সম্ভাবনা বৃদ্ধির মতো বাস্তবভিত্তিক প্রস্তাব এসেছে, যা সরকার গুরুত্বসহকারে বিবেচনা করবে।

বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে উৎপাদন থেকে খুচরা পর্যায় পর্যন্ত মূল্য ব্যবধান কমানোর ওপর জোর দিয়ে তিনি জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সাপ্লাই চেইন মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে আমদানি, মজুদ, পাইকারি ও খুচরা—সব ধাপেই নিবিড় নজরদারি সম্ভব হবে।

আন্তর্জাতিক বাজারের অস্থিরতা মোকাবিলায় আমদানি-নির্ভর পণ্যের জন্য কৌশলগত মজুদ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। এতে বৈশ্বিক সরবরাহে বিঘ্ন ঘটলেও দেশের বাজারে পণ্যের ঘাটতি হবে না এবং মূল্য স্থিতিশীল রাখা সহজ হবে।

টিসিবির কার্যক্রম আরও শক্তিশালী করতে একটি উপদেষ্টা পরিষদ গঠনের কথাও জানান তিনি। এতে সরকারি ও বেসরকারি খাতের অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে, যাতে বাজারে কার্যকর ও সময়োপযোগী হস্তক্ষেপ নিশ্চিত করা যায়।

আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে কাঁচা চামড়া সংরক্ষণে বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মসজিদ ও মাদ্রাসা সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া, সরকারিভাবে লবণ সরবরাহ, সচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমে প্রচারণা চালানো হবে। পাশাপাশি কোরবানির পরবর্তী সাতদিন চামড়া পরিবহন নিয়ন্ত্রণ করে স্থানীয় পর্যায়ে সংরক্ষণ নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হবে।

বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রশাসন ও সরকারের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ