
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক আঙিনা। সোমবার (২৭ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের জন্য জমা পড়া ৪৯টি মনোনয়নপত্রকেই বৈধ ঘোষণা করে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে এই প্রার্থীদের প্রার্থিতা বৈধ বলে গণ্য করা হয়েছিল।
প্রকাশিত তালিকা অনুযায়ী, চূড়ান্ত লড়াইয়ের ময়দানে রয়েছেন সংসদের প্রধান দল বিএনপির ৩৬ জন প্রার্থী। এছাড়া বিএনপির নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে একজন এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
বিএনপির বৈধ মনোনীত প্রার্থীগণ :
বিএনপির পক্ষ থেকে যারা নারী আসনের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি এবং নিপুণ রায় চৌধুরী। তালিকায় আরও রয়েছেন জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
এছাড়া বিএনপির নেতৃত্বাধীন স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুলতানা জেসমিন জুঁই-এর মনোনয়নও বৈধ বলে গ্রহণ করেছে কমিশন।
জামায়াত জোটের প্রার্থীগণ :
অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের ১২ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ, সামসুন নাহার, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী ও এনসিপি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী, সংরক্ষিত আসনের এই নির্বাচন প্রক্রিয়ায় পরবর্তী ধাপগুলো সম্পন্ন করে দ্রুতই চূড়ান্ত ফলাফলের দিকে এগোবে নির্বাচন কমিশন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদে নারী নেতৃত্বের এক নতুন সমীকরণ তৈরি হতে যাচ্ছে।
প্রতিবেদক : নাসরিন বেগম


