
প্রতিটি ছবি। এআই দিয়ে তৈরি
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ
সাইবার অপরাধ দমন এবং ডিজিটাল স্পেসের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’। অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেনকে প্রধান করে গঠিত নতুন এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাইবার পুলিশ ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অর্গানোগ্রাম অনুযায়ী সাইবার পুলিশ ইউনিটে মোট ৪ হাজার ৫৯২ জন জনবল নির্ধারণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এই ইউনিট সাইবার অপরাধ প্রতিরোধ ও দমনে কাজ করবে।
তিনি বলেন, অতিরিক্ত আইজিপির নেতৃত্বে বিশেষায়িত ইউনিটটির পাশাপাশি দেশের সব থানার পর্যায়ের কর্মকর্তারাও সাইবার অপরাধ মোকাবিলায় দায়িত্ব পালন করবেন। প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের ধরন ও কৌশলেও পরিবর্তন আসছে। ফলে এসব অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি, দক্ষতা ও প্রয়োজনীয় সরঞ্জামের সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করবে সাইবার পুলিশ ইউনিট।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর অপরাধের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে। সেই লক্ষ্যেই সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষায়িত এই ইউনিট গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, সাইবার আইন প্রয়োগ কিংবা সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনো গণমাধ্যম যাতে অযথা ভোগান্তির শিকার না হয়, বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে রাখা হবে। গণমাধ্যমের কাজ যাতে নির্বিঘ্নে পরিচালিত হতে পারে, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
সাইবার অপরাধের ক্রমবর্ধমান ধরন মোকাবিলা এবং ডিজিটাল পরিসরে নিরাপত্তা জোরদারে নতুন এই ইউনিট পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান।


