Skip to main content

Chetona Ekush

, ,

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়ারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার দুপুরের পর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়। নিউগিনি প্রপার্টিজের পক্ষ থেকে করা মামলায় তিনি এক নম্বর আসামি।

গ্রেপ্তার অন্যরা হলেন—শাহ আলম অনিক, ভাষানটেক বস্তির মো. মামুন, মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না। তাদের মধ্যে শাহ আলম অনিক ভাষানটেক থানা যুবলীগের সহ-সভাপতি বলে জানা গেছে। রোববার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে পুলিশ জানিয়েছিল, হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়।

পাঁচ পিকআপে এসে হামলা, গুলির অভিযোগ

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি আশপাশের কয়েকটি বাড়ি ও স্থাপনাতেও হামলার অভিযোগ উঠেছে।

নিউগিনি প্রপার্টিজের কর্মকর্তা মো. পল্লব আলী জানান, হামলাকারীরা পাঁচটি পিকআপে করে সেখানে আসে। তাদের কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। গুলি করতে করতে তারা হাউজিং এলাকায় প্রবেশ করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শনিবার রাত সাড়ে ১০টার দিকে হামলা ও ভাঙচুর শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলে তাণ্ডব। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গুলির শব্দও শোনা যায়।

হামলাকারীর সংখ্যা বেশি হওয়ায় একপর্যায়ে পুলিশ পিছু হটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে হামলাকারীরা একটি ফটক ভেঙে এলাকা ত্যাগ করে।

পল্লব আলী বলেন, হামলাকারীরা প্রথমে হাউজিংয়ের প্রবেশমুখের একটি বাড়ির ফ্ল্যাটে ঢুকে লুটপাট করে। সেখান থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় তারা।

এরপর হামলাকারীরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। নিউগিনি প্রপার্টিজের অফিসেও হামলা করা হয়। নির্মাণশ্রমিকদের মারধর করে তাদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

জমি নিয়ে বিরোধ থেকেই হামলা

রোববার দুপুরে ইসিবি চত্বর এলাকার নিউগিনি হাউজিংয়ে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।

তিনি জানান, জমির দখল-বেদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে এক পক্ষের লোকজন সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরই মধ্যে সালমান মুক্তাদিরের স্টুডিওসহ আশপাশের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিউগিনি প্রপার্টিজে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। এক পক্ষ দীর্ঘদিন ধরে তাদের জমিতে যেতে পারছিল না। পরে তারা সেখানে যাওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।

তছনছ স্টুডিও, ক্ষতির মুখে কাজ

রোববার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সালমান মুক্তাদিরের স্টুডিওটি পুরোপুরি তছনছ হয়ে আছে। মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কাচের টুকরা। ভাঙা অবস্থায় পড়ে আছে সোফা, বাদ্যযন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও আসবাব।

হামলার পর সালমান মুক্তাদির নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে স্টুডিওর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে তিনি জানান, হামলায় পুরো স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভিডিওতে দেখা যায়, স্টুডিওর চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে। এ সময় স্টুডিওর কয়েকজন কর্মীকেও কান্নারত অবস্থায় দেখা যায়।

সালমান মুক্তাদির জানান, স্টুডিওতে ক্লায়েন্টদের গুরুত্বপূর্ণ ফুটেজ ও বিভিন্ন শুটিংয়ের উপকরণ ছিল। হামলায় সেগুলো হারিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি পেশাগত কাজেও বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে।

তবে স্টুডিও ক্ষতিগ্রস্ত হলেও কাজ বন্ধ হবে না বলে জানিয়েছেন এই কনটেন্ট ক্রিয়েটর।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও তাদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ