
অনলাইন ডেস্ক, চেতনা একুশ
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।
সোমবার সকাল ৮টা ১৭ মিনিটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
রোববার দুপুরে রিয়াদের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়। এ ছাড়া দুজন নাটোরের এবং একজন রাজশাহীর বাসিন্দা।
নিহত ব্যক্তিরা হলেন—নওগাঁর ফরিদ, শুভ, রুবেল প্রামাণিক, সুমন, কলিমউদ্দিন, মোহন প্রামাণিক, সুমন প্রামাণিক, মিনহাজ, হৃদয়, শাহিন, আবদুল জলিল, মজিদুল ও সাগর; নাটোরের শামিম ও সাব্বির এবং রাজশাহীর শ্যামল।
মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁরা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্টে জানানো হয়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের পরিচয় শনাক্ত করা এবং মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তাঁরা সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে।


