
চেতনা একুশ অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর সৌদি আরবে ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। দুপুর পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান। দেশে ফেরার সময় তিনি একটি লাগেজ সেখানে ফেলে আসেন। পরে লাগেজটি ফেরত আনার বিষয়ে গত বৃহস্পতিবার তার পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। এ সময় লাগেজের দায়িত্ব হজযাত্রীর নিজস্ব বলে জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ স্বজনরা হজ এজেন্সির কার্যালয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে।
এর জের ধরে শনিবার সকালে কদমতলী এলাকায় দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, ফেলে আসা লাগেজ নিয়ে সৃষ্ট বিরোধ থেকেই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


