
বাংলাদেশের রাজনীতির এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) তাদের সর্বশেষ প্রতিবেদনে দেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছে। ‘বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়েছে’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, দেড় দশকের একনায়কতান্ত্রিক শাসনের অবসানের পর দেশ এখন এক নতুন শুরুর অপেক্ষায়। তবে এই পথে বিএনপিকে অর্থনীতি পুনরুজ্জীবিত করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক সংস্কারের মতো বড় বড় অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হবে।
সংস্কার ও রাজনৈতিক দূরদর্শিতা
আইসিজির মতে, অন্তর্বর্তী সরকারের সময়কালকে কাজে লাগিয়ে বিএনপিকে দ্রুত অর্থনীতি, সুশাসন ও নিরাপত্তা সংস্কারে মনোযোগী হতে হবে। বিশেষ করে ‘জুলাই সনদে’ প্রস্তাবিত সংস্কারগুলো নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সংঘাত এড়িয়ে ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, সংসদের উচ্চকক্ষ বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্বিমত পোষণ করলে রাজনৈতিক ভারসাম্য দুর্বল হতে পারে, যা পরবর্তীতে অস্থিরতার কারণ হয়ে দাঁড়াতে পারে।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, বিএনপি যদি অর্থবহ সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে আসছে বলে মনে হয়, তাহলে জুলাই সনদের কট্টর সমর্থক জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংসদের ভেতরে ও বাইরে সরকারের বিরুদ্ধে সরব হতে পারে। তাদের সমর্থকদের রাজপথেও নামাতে পারে। সংস্কার নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধ বিএনপির রাজনৈতিক পুঁজি ক্ষয় করতে পারে, যা তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক এজেন্ডার অন্যান্য দিক বাস্তবায়নের জন্য প্রয়োজন।
আওয়ামী লীগের ভবিষ্যৎ ও বিচারিক প্রক্রিয়া
প্রতিবেদনে একটি স্পর্শকাতর বিষয় হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যতের কথা উল্লেখ করা হয়েছে। আইসিজি মনে করে, আওয়ামী লীগের বিশাল জনসমর্থন থাকায় দলটিকে দীর্ঘমেয়াদে রাজনীতির বাইরে রাখা টেকসই নাও হতে পারে। তবে শেখ হাসিনার নেতৃত্বে দলটির ভুল স্বীকার না করার অনড় অবস্থান এবং ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া এই পথকে জটিল করে তুলেছে।
একই সঙ্গে, আইসিজি বিএনপি সরকারকে রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে থাকার আহ্বান জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পর্যাপ্ত প্রমাণ ছাড়া আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলাগুলো পর্যালোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে বিচারব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ না ওঠে।
জননিরাপত্তা ও পুলিশ সংস্কার
আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে পেশাদারিত্ব ফিরিয়ে আনাকে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে আইসিজি। আওয়ামী লীগ আমলের মতো পুলিশকে দলীয় ক্যাডার দিয়ে পূর্ণ করার প্রবণতা পরিহার করে দীর্ঘমেয়াদী সংস্কারের মাধ্যমে বাহিনীর হারানো আস্থা ফিরিয়ে আনার ওপর জোর দেওয়া হয়েছে।
ভূ-রাজনীতি ও পররাষ্ট্রনীতি
হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য আনা এখন সময়ের দাবি। ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি ভারতের সাথে সম্পর্ক পুনর্গঠনকে অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে, দিল্লি যাতে তাদের প্রভাব ব্যবহার করে নির্বাসিত নেতাদের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সেদিকে কূটনৈতিক নজরদারি প্রয়োজন। এছাড়া রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের বর্তমান বাস্তবতায় আরাকান আর্মির সাথে আলোচনার প্রয়োজনীয়তাও উঠে এসেছে প্রতিবেদনে।
রোহিঙ্গা শরণার্থী সংকট বাংলাদেশের জন্য অন্যতম কঠিন পররাষ্ট্রনীতি চ্যালেঞ্জ হিসেবেই থেকে যাবে। মিয়ানমারে, বিশেষ করে রাখাইন রাজ্যে চলমান সংঘাতের অর্থ হলো কক্সবাজারের ক্যাম্পে বসবাসরত ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর অদূর ভবিষ্যতে স্বদেশে ফেরার সম্ভাবনা খুবই কম। আরাকান আর্মি রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে (যেখান থেকে শরণার্থীরা এসেছে), তাই ঢাকাকে এই গোষ্ঠীর সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে হবে; যদিও এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা খুব একটা এগোতে পারেনি।
প্রতিবেদনের শেষাংশে বলা হয়েছে, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ হলে দেশ আবারও সংকটে পড়তে পারে। বিএনপি যদি স্বচ্ছ শাসন নিশ্চিত করতে পারে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হয়, তবেই বাংলাদেশ একটি সমৃদ্ধ ও স্থিতিশীল আগামীর পথে এগিয়ে যাবে।


