Skip to main content

Chetona Ekush

, ,

দেশের অর্থনীতি পুনরুদ্ধারে প্রয়োজন কঠিন সিদ্ধান্ত ও জাতীয় ঐক্য: অর্থমন্ত্রী

সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থাকে অত্যন্ত ‘কঠিন’ হিসেবে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, আগামী দুই বছর আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার এমন কিছু কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে, যা হয়তো সাধারণের কাছে জনপ্রিয় নাও হতে পারে। তবে একটি স্থবির অবস্থা থেকে অর্থনীতিকে সচল করতে এ ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প নেই।

সংসদে দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রী দেশের সামগ্রিক স্বার্থে বিরোধী দলের সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি উল্লেখ করেন যে, দেশের অর্থনীতি বর্তমানে ‘লো লেভেল ইকুইলিব্রিয়াম’ বা একটি গভীর স্থবিরতার মধ্যে পড়ে গেছে। এই বৃত্ত থেকে বের হয়ে আসতে হলে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দেশের বর্তমান অর্থনৈতিক সূচকগুলো তুলে ধরে অর্থমন্ত্রী ২০০৫ সালের তুলনায় বর্তমান পরিস্থিতির একটি তুলনামূলক চিত্র পেশ করেন। তিনি জানান, বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ৩০ শতাংশ ছাড়িয়ে গেছে, যা অর্থনীতির গতিরোধক হিসেবে কাজ করছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০০৫ সালে এই ঋণের হার ছিল মাত্র ১৩ শতাংশ। অর্থমন্ত্রী সতর্ক করে বলেন, যখন কোনো দেশে খেলাপি ঋণ ৩০ শতাংশের উপরে চলে যায়, তখন সেই দেশের অর্থনীতির চাকা প্রায় অচল হয়ে পড়ে।

তবে বর্তমান নেতৃত্ব ও সরকারের সদিচ্ছার ওপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, “আমাদের নেতৃত্ব সঠিক পথে আছে। সরকারের লক্ষ্য এবং সততা নিয়ে কোনো সংশয় নেই। কাজটা কঠিন হলেও সবার সহযোগিতায় আমরা এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হব।”

বক্তব্যের এক পর্যায়ে তিনি বিএনপির নেতা ও ব্যবসায়ীদের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন। তিনি অভিযোগ করেন যে, রাজনৈতিক কারণে অনেক ব্যবসায়ীর গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং অনেককে খেলাপি হিসেবে চিহ্নিত করে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি অনেকে জেল-জুলুমের শিকার হয়ে ঘরবাড়িতেও থাকতে পারছেন না। পরিশেষে তিনি মন্তব্য করেন যে, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাংক থাকলেও বিএনপির কোনো ব্যাংক নেই।

রিপোর্টার: নাসরিন বেগম

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ