
চেতনা একুশ ডেস্ক
সরকারে আসার পর চারদিকে অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতির পাহাড় জমে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উন্নয়নের পথে এই অনিয়মগুলোই এখন প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। শনিবার দুপুরে রাজধানীর শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের পর আমরা নতুন করে দেশ গড়ার এক অনন্য সুযোগ পেয়েছি। বর্তমান সময়ে জুলাই সনদ ও সংবিধান নিয়ে যে আলোচনা হচ্ছে, তা ইতিবাচক; তবে একে রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার বানানো উচিত হবে না।
জিয়াউর রহমানের আদর্শ ও কর্ম নিয়ে আরও গবেষণার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “জিয়াউর রহমানের ওপর সমৃদ্ধ গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা সময়ের দাবি। তদবির কালচার আমাদের ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এমনকি উপাচার্য হওয়ার জন্যও তদবির করতে হয়, যা অত্যন্ত দুঃখজনক। মেধা ও বুদ্ধিবৃত্তিক চর্চা ছাড়া জাতি হিসেবে সামনে এগোনো সম্ভব নয়।”
সংবিধান সংস্কার প্রসঙ্গে দলীয় অবস্থান পরিষ্কার করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপিই বাংলাদেশে সংস্কারের মূল প্রবক্তা। জিয়াউর রহমান প্রথম সংস্কারের সূচনা করেছিলেন। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না। তিনি আরও জানান, জুলাই সনদের অনেক বিষয়ে বিএনপি একমত থাকলেও কিছু বিষয়ে দ্বিমত (নোট অব ডিসেন্ট) দিয়েছে। যেকোনো মৌলিক পরিবর্তন অবশ্যই সংসদের মাধ্যমে হতে হবে।
রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, জাতিকে ভুল বুঝিয়ে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে মেধাবীদের সম্পৃক্ত করতে হবে এবং তাদের সঠিক পথে পরিচালিত করতে হবে, যেন ছাত্র রাজনীতি দেশের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়।
সবশেষে তিনি জানান, আইনমন্ত্রী সংবিধান সংশোধনের জন্য কমিটির নাম চেয়েছেন এবং খুব দ্রুতই বিএনপি সেই নামগুলো জমা দেবে।


