
চেতনা একুশ ডেস্ক
সদ্য বিদায়ী এপ্রিল মাসেও দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা এনে দিয়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। ধারাবাহিক ইতিবাচক প্রবাহ বজায় রেখে পুরো মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার ১৪৯ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চলতি বছরের এপ্রিল মাসে মোট ৩১২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল চলতি বছরের মার্চ মাসে, যখন প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে গত বছরের মার্চে—৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার, যা তৃতীয় সর্বোচ্চ। আর চলতি বছরের জানুয়ারিতে প্রবাসী আয় ছিল ৩১৭ কোটি ডলার, যা চতুর্থ সর্বোচ্চ হিসেবে বিবেচিত।
অর্থনীতিবিদদের মতে, প্রবাসীদের এই ধারাবাহিক রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সামগ্রিক অর্থনীতিকে দিচ্ছে নতুন গতি।


