
নিজস্ব প্রতিনিধি । চেতনা একুশ
সাম্প্রতিক ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছে সরকার। ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষককে ৭ হাজার ৫০০ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় হাওর অঞ্চলের অনেক কৃষক ক্ষতির মুখে পড়েন। যদিও পানি দ্রুত নেমে যাওয়ায় অনেকে ফসল ঘরে তুলতে সক্ষম হয়েছেন, তবুও যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহায়তায় সরকার উদ্যোগ নিয়েছে।
এদিকে নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ অব্যাহত রাখতে বাণিজ্য মন্ত্রণালয় ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পামওয়েল কেনার অনুমোদন দিয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৮১ কোটি ২৯ লাখ টাকা। পাশাপাশি স্থানীয়ভাবে ২ হাজার মেট্রিক টন ডাল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জ্বালানি সংকট ও এর অর্থনৈতিক প্রভাব নিয়ে বক্তব্য দিতে গিয়ে জাহেদ উর রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকারের প্রত্যাশিত অর্থনৈতিক অগ্রগতি কিছুটা কম হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সময়ে সামগ্রিকভাবে অর্থনৈতিক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের অগ্রাধিকার হলো প্রান্তিক ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো। সেই লক্ষ্যেই টিসিবির কার্যক্রম আরও সম্প্রসারণ করা হচ্ছে।


