Skip to main content

Chetona Ekush

, ,

রাজধানীতে ‘শাপলার শহীদ গাথা’ স্মারক অনুষ্ঠান: শাপলা চত্বরের বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির অঙ্গীকার তথ্যমন্ত্রীর

শাপলার শহীদ গাথা-৫ মে এর গণহত্যা স্মরণ ও মূল্যায়ন শীর্ষক অনুষ্ঠানে  

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

বাংলাদেশে সংঘটিত কোনো অপরাধকেই বর্তমান সরকার তামাদি হতে দেবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সরকারের তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করে বলেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ড—প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত ‘শাপলার শহীদ গাথা: ৫ মে’র গণহত্যা স্মরণ ও মূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বে গঠিত বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শাপলা চত্বরের শহীদদের প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করেছে। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান এবং শাপলা চত্বরের আত্মত্যাগ একই সুতোয় গাঁথা। আমরা সংসদের মাধ্যমে জাতির কাছে এই বার্তাই দিয়েছি যে, কোনো অন্যায় আর বিচারহীন থাকবে না।”

তদানীন্তন সরকারের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, সেই সময়কার বীভৎস হত্যাকাণ্ডকে আড়াল করতে রাষ্ট্রযন্ত্র এবং অনুগত গণমাধ্যমকে ব্যবহার করে নানামুখী মিথ্যাচার করা হয়েছিল। উল্টো বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলেছিল। তিনি স্মরণ করিয়ে দেন যে, প্রতিকূল পরিস্থিতির মাঝেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন রাজপথে সমাবেশের সিদ্ধান্তে অটল ছিলেন এবং বিএনপিই প্রথম এই ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করে প্রতিবাদ জানিয়েছিল।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, শাপলার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা এই সরকারের নৈতিক দায়িত্ব। বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৫ মে’র আন্দোলনকে দেশপ্রেমিক জনতার একটি ঐতিহাসিক সংগ্রাম হিসেবে বর্ণনা করেন।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তার বক্তব্যে বলেন, আলেম-ওলামারা দেশের প্রতিটি সংকটে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। শহীদদের যথাযথ সম্মান না দিলে আগামী দিনে কেউ দেশ রক্ষায় এগিয়ে আসবে না।

অনুষ্ঠানে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সেই রাতের ঘটনা তদন্তে সিটি কর্পোরেশনের তৎকালীন সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান। একইসাথে তিনি সীমান্তে ‘গেরুয়া আগ্রাসন’ মোকাবিলায় ওলামায়ে কেরামকে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দীন রব্বানীসহ দেশের শীর্ষস্থানীয় ওলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা একযোগে ৫ মে’র ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচার এবং শহীদ পরিবারের পুনর্বাসনের দাবি জানান। আলোচনা সভা শেষে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন তথ্যমন্ত্রী।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ