Skip to main content

Chetona Ekush

, ,

বিড়ালের ক্যান্সার গবেষণায় মিলল আশার আলো, মানব চিকিৎসায়ও খুলতে পারে নতুন দিগন্ত

চেতনা একুশ অনলাইন ডেস্ক:

গৃহপালিত বিড়ালের ক্যানসার নিয়ে পরিচালিত এক আন্তর্জাতিক গবেষণায় এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যা ভবিষ্যতে মানুষ ও প্রাণী—উভয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার পথ তৈরি করতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

দীর্ঘদিন ধরে প্রাণীদের ক্যানসার নিয়ে গবেষণা করছেন ইংল্যান্ডের ক্যামব্রিজশায়ারভিত্তিক ওয়েলকাম স্যাঙ্গার ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিজ্ঞানী লুইস ভ্যান ডার ওয়েডেন। তার মতে, এতদিন বিড়ালের ক্যানসার গবেষণার ক্ষেত্রে পর্যাপ্ত জিনগত তথ্যের অভাব ছিল, ফলে বিষয়টি অনেকটাই অজানা রয়ে গিয়েছিল।

এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে বিভিন্ন দেশের গবেষকদের সমন্বয়ে গঠিত একটি দল প্রায় ৫০০টি গৃহপালিত বিড়ালের টিউমারের নমুনা বিশ্লেষণ করে। গবেষণার ফলাফল চলতি বছরের ফেব্রুয়ারিতে বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত হয়।

গবেষণায় দেখা গেছে, মানুষ ও বিড়ালের ক্যানসারের মধ্যে উল্লেখযোগ্য জিনগত সাদৃশ্য রয়েছে। বিশেষ করে ‘এফবিএক্সডব্লিউ-৭’ (FBXW7) নামের একটি টিউমার-দমনকারী জিন উভয় প্রজাতির ক্যানসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিড়ালের স্তন ক্যানসারে এই জিনের অস্বাভাবিক পরিবর্তনের সঙ্গে মানুষের আক্রমণাত্মক স্তন ক্যানসারের মিল খুঁজে পেয়েছেন গবেষকেরা।

লুইস ভ্যান ডার ওয়েডেন বলেন, এই আবিষ্কার একই সঙ্গে দুই ভিন্ন প্রজাতির ক্যানসার চিকিৎসা উন্নয়নের ক্ষেত্রে একটি বিরল সুযোগ তৈরি করেছে।

গবেষণার সহ-লেখক এবং কানাডার ইউনিভার্সিটি অব গুয়েলফের ভেটেরিনারি প্যাথলজিস্ট জেফরি উডও এ গবেষণাকে উভয় পক্ষের জন্য লাভজনক বলে উল্লেখ করেছেন। তার মতে, এর সুফল মানুষ ও বিড়াল—দুজনের জন্যই সমানভাবে কাজে লাগতে পারে।

বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী, জিনগত বৈশিষ্ট্যের দিক থেকে মানুষের সঙ্গে বিড়ালের মিল কুকুর, গরু কিংবা ইঁদুরের তুলনায় বেশি। পাশাপাশি একই পরিবেশে বসবাসের কারণে মানুষ ও গৃহপালিত বিড়াল প্রায় একই ধরনের ক্যানসার সৃষ্টিকারী উপাদানের সংস্পর্শে আসে। ফলে মানবদেহে ক্যানসারের বিকাশ ও বিস্তার সম্পর্কে ধারণা পেতেও বিড়াল কার্যকর গবেষণা মডেল হিসেবে ভূমিকা রাখতে পারে।

এতদিন ক্যানসার গবেষণায় কুকুরকে বেশি গুরুত্ব দেওয়া হলেও নতুন এই গবেষণা বিড়ালকেও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বিশেষ করে হাড়ের ক্যানসার ‘অস্টিওসারকোমা’ নিয়ে গবেষণায় কুকুরের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও, বিড়ালের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলে মনে করছেন গবেষকেরা।

গবেষণার জন্য অস্ট্রিয়া, কানাডা, ইংল্যান্ড, জার্মানি, নিউজিল্যান্ড ও স্কটল্যান্ডের গৃহপালিত বিড়ালের ক্যানসার আক্রান্ত টিস্যু সংগ্রহ করা হয়। এরপর মানুষের ক্যানসার-সংশ্লিষ্ট জিনের সমতুল্য প্রায় এক হাজার বিড়াল জিন বিশ্লেষণ করা হয়।

ফলাফলে শুধু স্তন ক্যানসার নয়, রক্ত, হাড়, ফুসফুস, ত্বক, পরিপাকতন্ত্র এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্যানসারের ক্ষেত্রেও মানুষ ও বিড়ালের মধ্যে উল্লেখযোগ্য মিল পাওয়া গেছে।

গবেষণায় আরও দেখা যায়, ‘ভিনক্রিস্টিন’ নামের একটি কেমোথেরাপি ওষুধ বিড়ালের স্তন ক্যানসার চিকিৎসায় কার্যকর হতে পারে। উল্লেখ্য, বিড়ালের মধ্যে স্তন ক্যানসার তৃতীয় সর্বাধিক সাধারণ ক্যানসার এবং অনেক ক্ষেত্রেই এটি প্রাণঘাতী হয়ে ওঠে।

জেফরি উড বলেন, আগে কোন ওষুধ সবচেয়ে কার্যকর হতে পারে সে বিষয়ে স্পষ্ট ধারণা ছিল না। তবে এখন সম্ভাবনাময় কিছু ওষুধের তালিকা পাওয়া গেছে, যা নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করা সম্ভব।

তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, এই আবিষ্কার অত্যন্ত আশাব্যঞ্জক হলেও মানুষের ক্যানসার চিকিৎসায় এর পূর্ণ প্রভাব নির্ধারণ করতে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন। ইউনিভার্সিটি অব মিনেসোটার ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক জেইমি মোদিয়ানোর ভাষায়, দীর্ঘ পথচলার এটি কেবল শুরু মাত্র।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ