Skip to main content

Chetona Ekush

, ,

সামাজিক বনায়নের গাছ কেটে বিক্রির অভিযোগ: জামায়াত ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ক্ষোভ

রাস্তার গাছ কেটে স্থানীয় ঈদগাহ মাঠে স্তুপ করে রাখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মিঠাপুকুর (রংপুর):


রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় রোপণ করা প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত ও আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সরকারি বিধি-বিধান উপেক্ষা করে গাছগুলো গোপনে বিক্রিরও চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, লতিবপুর ইউনিয়নের তিনতলা হাট এলাকার ঈদগাহ মাঠে কাটা গাছগুলো স্তুপ করে রাখা হয়েছে। জানা গেছে, এক কাঠ ব্যবসায়ীর সঙ্গে গাছ বিক্রির বিষয়ে দরদামও চূড়ান্ত করা হয়েছে এবং অগ্রিম অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি সাফায়াত আলী এবং আওয়ামী লীগ নেতা বিপ্লব মিয়া গাছ বিক্রির জন্য এক কাঠ ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা অগ্রিম নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কাঠ ব্যবসায়ী তুষার মিয়াও বায়নার টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

সরেজমিনে দেখা যায়, তিনতলা হাট থেকে লতিবপুর গ্রামের সঙ্গে সংযুক্ত দুটি কাঁচা সড়কের পাশে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় রোপণ করা ইউক্যালিপটাস গাছের সারি রয়েছে। সম্প্রতি ঝড়ে কয়েকটি গাছ উপড়ে পড়ার পর সেগুলো সরানোর অজুহাতে আরও প্রায় ৫০টি গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে রাস্তার ধারে থাকা পরিণত ও মোটা গাছগুলোই কাটা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গাছ কাটার ক্ষেত্রে কোনো ধরনের সরকারি অনুমোদন, টেন্ডার বা সামাজিক বনায়ন সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এমনকি গাছ রোপণকারী সমিতি বা উপকারভোগীদের সুনির্দিষ্ট তথ্যও পাওয়া যায়নি। ফলে পুরো ঘটনাকে ঘিরে নানা প্রশ্নের জন্ম হয়েছে।

লতিবপুর ইউনিয়নের এক ইউপি সদস্য জানান, বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্টদের কাছে অনুমতির বিষয়ে জানতে চেয়েছিলেন। কিন্তু তারা তা গুরুত্ব দেননি। তার ভাষ্য, সরকারি জমিতে থাকা গাছ কাটার ক্ষেত্রে নিয়ম-কানুন মেনে চলা বাধ্যতামূলক হলেও অভিযুক্তরা সেটি আমলে নেননি।

কাঠ ব্যবসায়ী তুষার মিয়া বলেন, গাছ কেনার বিষয়ে সাফায়াত ও বিপ্লবের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি ১০ হাজার টাকা অগ্রিম দিয়েছেন। গাছের পরিমাপ শেষে বাকি অর্থ পরিশোধ করে গাছ নেওয়ার কথা ছিল।

অভিযোগের বিষয়ে জামায়াত নেতা সাফায়াত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে প্রথমে তাকে পাওয়া যায়নি। পরে তিনি দাবি করেন, শুধুমাত্র ঝড়ে পড়ে যাওয়া গাছ কাটা হয়েছে। তবে অন্যান্য গাছ কাটার অভিযোগ এবং অগ্রিম টাকা নেওয়ার বিষয়ে তিনি স্পষ্ট কোনো জবাব দেননি।

অন্যদিকে আওয়ামী লীগ নেতা বিপ্লব মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

লতিবপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজার রহমান বলেন, রাস্তার গাছ কাটতে হলে আইন ও নিয়ম মেনে করতে হবে। কোনো ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অনিয়ম করার সুযোগ পাবে না।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিক জামান বলেন, সরকারি জমিতে রোপণ করা গাছ অবৈধভাবে কাটার কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ